বাংলায় ভারী শিল্প আনতে ‘ব্লু-প্রিন্ট’ তৈরি মমতার, সজ্জা সারা বাণিজ্য সম্মেলনের
ছোট শিল্প এলেও, রাজ্যে বড় বা ভারী শিল্পের কোনও দেখা নেই। তাই এবার বিদেশ-বিভুঁইয়ে গিয়ে শিল্পপতিদের কাছে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার বিশ্ববাংলা সম্মেলনে লগ্নি আদায়ের পালা।
রাজ্যে শিল্প আনতে চেষ্টার কসুর করছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছোট শিল্প এলেও, রাজ্যে বড় বা ভারী শিল্পের কোনও দেখা নেই। তাই এবার বিদেশ-বিভুঁইয়ে গিয়ে শিল্পপতিদের কাছে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর্জি জানিয়েছেন- 'আপনারা আসুন, বাংলায় শিল্পবান্ধব পরিবেশ আছে, সুদক্ষ শ্রমিক আছে। আমাদের সরকার সমস্ত পরিকাঠামোর ডালি সাজিয়ে বসে আছে।'

কিন্তু আশ্বাস মিললেও এখনও সে অর্থে কোনও ভারী শিল্পস্থাপনের নিশ্চয়তা তৈরি হয়নি রাজ্যে। এবার রাজ্যে ভারী শিল্প তৈরিতে তাই মরিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থতির পরিবর্তনের আশা নিয়েই মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দু'দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। এই বিশ্ববঙ্গ সম্মেলন উদ্যোগপতিদের কী বার্তা দেবে, আর কী পরিষেবার ডালি সাজিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী, সেদিকেই তাকিয়ে শিল্পমহল।
নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু হতে চলা দুদিন ব্যাপী বিশ্ববঙ্গ সম্মেলনের প্রস্তুতি সারা। এই সম্মেলনে শিল্পপতিদের সুযোগ-সুবিধা দেওয়ার কথা তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। বাংলা যে প্রমিসিং বিজনেস ডেস্টিনেশন- সেই কথা তুলে ধরা হবে। বাংলা শুধু একটা রাজ্য নয়, বাংলা হল উত্তর-পূর্ব ভারতের গেটওয়ে। সেইসঙ্গে বাংলার ভৌগলিক পরিবেশ এমনই যে বাংলা থেকে আন্তর্জাতিক বাণিজ্যও সম্ভব। বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার-প্রভৃতি দেশের কেন্দ্রবিন্দু হল এই বাংলা।
কেন বাংলাই হবে উদ্যোগপতিদের গন্তব্য? সেই ধারণাও দেবেন মুখ্যমন্ত্রী। প্রথমত এখানে বিনিয়োগকারীদের জন্য রয়েছে সিঙ্গল উইন্ডো সিস্টেম। আছে পর্যাপ্ত বিদ্যুৎ জোগানের ব্যবস্থা, উন্নত যোগাযোগ ব্যবস্থা, উত্তর ও দক্ষিণে- দুই বিমানবন্দর, সুদক্ষ শ্রমিক, উন্নত মেধা। এ রাজ্যে কর্মবিরতির হারও ঈর্ষণীয়।
সেই কারণেই এই বিশ্ববঙ্গ সম্মেলনে রাজ্যের তরফে শিল্পপতিদের কাছে তুলে ধরা হবে তথ্য-প্রযুক্তি, পরিবহণ, বিদ্যুৎ, শিক্ষা, উদ্যানপালন, পর্যটন, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কথা। এই সমস্ত শিল্পের যথার্থ পরিবেশ রয়েছে। ৩০টি দেশের প্রায় ৩০০ প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিচ্ছেন। উপস্থিত থাকবেন দেশের প্রথম সারির শিল্পপতিরাও। তাঁদের কাছেই তুলে ধরা হবে রাজ্যে শিল্প স্থাপনের কথা।












Click it and Unblock the Notifications