'প্রেম করছিস', প্রশ্ন মমতার! কী উত্তর দিলেন স্নেহের কানন
দমকল মন্ত্রী তথা কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বিভিন্ন কাজে সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সূত্রের খবর এমনটাই।
দমকল মন্ত্রী তথা কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বিভিন্ন কাজে সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সূত্রের খবর এমনটাই। বিধানসভা ভবনে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন বলে জানা গিয়েছে।

পারিবারিক সমস্যায় রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। তাঁর শ্বশুর বাড়ি যেমন মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল ঘনিষ্ঠ, আর যাঁকে নিয়ে গণ্ডগোল সেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও তৃণমূল ঘনিষ্ঠ। শোভন চট্টোপাধ্যায়ের শাশুড়ি ছিলেন মহেশতালর তৃণমূল বিধায়ক। অন্যদিকে মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাস। ইতিমধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে। পরিবারের তরফে দুলাল দাস অভিযোগ করেছিলেন, অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায় রাত তিনটের সময় শোভন চট্টোপাধ্যায়ের রবীন্দ্র সরোবর এলাকার ফ্ল্যাট থেকে বেরোন। সূত্রের খবর, বিষয়টি নিয়ে দাস পরিবারের তরফে শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ করা হয়েছে।
অন্যদিকে, মিলি আমিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায় কিংবা শোভন চট্টোপাধ্যায় সব অভিযোগ অস্বীকার করেছেন। যদিও শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, তাঁর অতি পরিচিত যদি কাউকে আক্রমণ করা হয়, তাহলে সেটা তাঁর গায়েই লাগে।

সূত্রের খবর, বিধানসভা ভবনে মন্ত্রিসভার বৈঠকের সময়, শোভন চট্টোপাধ্যায় বৈঠকে যোগ দিতে ঢুকছিলেন। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হন তিনি। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে বলেন, শুধু প্রেম করছিস, নাকি কাজও করছিস। সেই সময় বেশ অস্বস্তিতে পড়লেও সেরকম কোনও উত্তর দেননি শোভন চট্টোপাধ্যায়।
বৈঠক শুরুর মুখে মুখ্যমন্ত্রী এই কথা ফের একবার তোলেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, শোভন চট্টোপাধ্যায় তখন বলার চেষ্টা করেন, তিনি ওসব করেন না। ছাড়বার পাত্রী নন তৃণমূল নেত্রীও। তিনি রসিকতা করে সভায় ভোটাভুটির কথা বলেন।

যদিও রাজনৈতিক মহলের মত, সরাসরি সবার সামনে কিছু না বললেও, শোভন চট্টোপাধ্যায়ের পারিবারিক ঘটনায় তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায় যে অস্বস্তিতে তা আর বলার অপেক্ষা রাখে না। কেউ কেউ বলছেন কিছু হাল্কার ছলে তৃণমূল নেত্রী বার্তা দিতে চাইলেও, তিনি যে কী চাইছেন তা বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications