Mamata Banerjee: অত বোকা মমতা ব্যানার্জি নয়! উৎসব উৎসারিত-মঞ্চে শুভেন্দুকে বার্তা মুখ্যমন্ত্রীর?
Mamata Banerjee: অত বোকা মমতা ব্যানার্জি নয়! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা আজ ভাইরাল। তিনি আজ গিয়েছিলেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে।
সেখানেই বক্তব্য রাখার সময় এই কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর নিশানায় যে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সে কথা বুঝতে অসুবিধা হয়নি রাজনৈতিক মহলের।

দুর্গাপুজোয় প্রতি বছরই কলকাতা ও জেলার অনেক পুজো কমিটি পুজো উদ্বোধনে চায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তালিকা দীর্ঘায়িত হওয়ায় তিনি ভার্চুয়ালিও অনেক পুজোর উদ্বোধন করেন। বিগত বছরে দেখা গিয়েছে, মহালয়ার আগে থেকেই তাঁকে পুজোমণ্ডপে যেতে। যার ব্যতিক্রম হলো না এবারও।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রায়ই মুখ্যমন্ত্রীকে খোঁচা দেন পিতৃপক্ষে পুজো উদ্বোধন করার অভিযোগ তুলে। মমতা এদিন বলেন, আজ মণ্ডপের উদ্বোধন হলো না। কাল হবে। আমি সে জন্য বলেছিলাম নাম রাখতে উৎসব উৎসারিত।
মমতার কথায়, "অনেকে এটা নিয়ে ন্যারেটিভ শুরু করে বলবে, পিতৃপক্ষে মমতা ব্যানার্জি উদ্বোধন করে দিয়ে এলেন। অত বোকা মমতা ব্যানার্জি নয়। এটুকু অন্তত বোঝে। ধর্ম-কর্ম সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে। আমি গানও করব না। আজ দুর্গাকে জাগানো যায় না। ফলে জাগো দুর্গা গাইব মহালয়ায়, 'মাতৃপক্ষ' শুরু হলে।
মুখ্যমন্ত্রী বলেন, পুজোতে আমরা ৪৮ থেকে ৫০ হাজার ক্লাবকে অনুদান দিয়েছি। এটা অনুদান মনে করি না, এটা উৎসাহ দান। অনেকে বলেন, এটাতে কী হবে? আমি বলি, তোমার তো কিছু হবে না। তোমার তো ৫০ লাখ বাজেট। কিন্তু অনেক ক্লাবের কাছে ৮৫ হাজার টাকার দাম অনেক বেশি। বিদ্যুতের বিল যেটা ৭৫ হাজার টাকা আসার কথা, সেটা কমে ১৫ হাজার হয়ে যায়। ফায়ার ব্রিগেড টাকা নেয় না, বিজ্ঞাপনে টাকা লাগে না, কেএমসিও টাকা নেয় না। এতে অনেকটা সেভ হয়।
বীরপাড়া, দুবরাজপুর অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা কেন্দ্রের এবং ৫০টি ফায়ার ফাইটিং বুলেটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অনেক গলি ঘিঞ্জিতে আগুন লাগলে দমকল ঢোকার রাস্তা থাকে না। কোটি কোটি বাড়ি আছে, এমন জায়গায় ফায়ার ব্রিগেডের গাডি ঢুকতে পারে না। সে কারণেই বাইকের সঙ্গে ই সাইকেল রাখা হলো।
পুজোর মধ্যে ট্রাফিক ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এর আগে একাধিকবার তাঁর উষ্মার মুখে পড়েছেন মন্ত্রী সুজিত বসু। শ্রীভূমির ঠাকুর দেখতে লাগামছাড়া ভিড়ে ভিআইপি রোড অবরুদ্ধ হয়ে পড়ার কারণে। মমতা বলেন, আপনারা গতবারও এদিকে নজর রেখেছেন। যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে, কেন না অনেককেই জরুরি দরকারে এয়ারপোর্ট যেতে হয়। বন্যাকবলিত এলাকাগুলিতে শুকনো খাবার পৌঁছে দেওয়ার কাজ অব্যাহত রাখার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications