মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা
মালদহের মালতিপুরে এক নির্বাচনী জনসভা শেষ করে গাজোলের উদ্দেশে রওনা হওয়ার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের সামনে একটি রহস্যময় ড্রোন দেখা যায়। শনিবার বিকেলে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে ওঠার প্রস্তুতি চলছিল, ঠিক তখনই আকাশে এই অচেনা বস্তুটি প্রথম নজরে আসে। ঘটনাটি ঘিরে সংশ্লিষ্ট মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এই আকস্মিক দৃশ্যে উপস্থিত নেতা-কর্মী ও নিরাপত্তাকর্মীসহ সকলেই হতচকিত হয়ে পড়েন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও হেলিকপ্টারের সিঁড়িতে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ উদ্বেগপূর্ণ দৃষ্টিতে ড্রোনটির গতিবিধি পর্যবেক্ষণ করেন। মুখ্যমন্ত্রীর সফরকালে আকাশপথ পরিষ্কার রাখা হয়; এই ড্রোনের উপস্থিতি তাই নিরাপত্তা ব্যবস্থায় গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে।

ঘটনার পরপরই মুখ্যমন্ত্রী এর পিছনে সম্ভাব্য ষড়যন্ত্রের ইঙ্গিত দেন। তিনি বলেন, "কারা এসব করছেন, তা নজরে রাখা দরকার। পুলিশের এদেরকে চিহ্নিত করতে হবে।" সূত্রের খবর অনুযায়ী, এই ঘটনার নেপথ্যে কে বা কারা যুক্ত, এবং কী উদ্দেশে এই ড্রোন ওড়ানো হয়েছিল, তা অবিলম্বে খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, রাজ্যজুড়ে পুরোদমে নির্বাচনী প্রচার চলছে, যেখানে বিভিন্ন দলের প্রার্থীরা ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের প্রার্থীদের সমর্থনে জোরালো প্রচার চালাচ্ছেন। শনিবার মালদহে মুখ্যমন্ত্রীর একাধিক জনসভা ও রোড শো নির্ধারিত ছিল। মালতীপুরের সমাবেশ শেষেই তিনি গাজোলের উদ্দেশে রওনা হচ্ছিলেন, তখনই এই ঘটনা ঘটে।












Click it and Unblock the Notifications