টার্গেট বেঁধে দিলেন মমতা! চড়া সুরে বিজেপিকে বিঁধে পঞ্চায়েত-বার্তা দলের সৈনিকদের
রাজ্যে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে লক্ষ্য স্থির করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যপূরণের জন্য আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি আসনে জয়যুক্ত হওয়া জরুরি।
তাঁর সরকারের আমলে উন্নয়নের জোয়ার বইছে রাজ্যে। সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে লক্ষ্য স্থির করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যপূরণের জন্য আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি আসনে জয়যুক্ত হওয়া জরুরি। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে টার্গেট বেঁধে দিয়ে এখন থেকেই পঞ্চায়েত-বার্তা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

নদিয়ার সভা থেকেই কার্যত পঞ্চায়েতের প্রচার শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সরকার মানুষের উন্নয়নের জন্য কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও রাজ্যের উন্নয়নকে ত্বরাণ্বিত করেছে তাঁর সরকার। এই অবস্থায় বিজেপি বা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলকে ভোট দিয়ে জেতানো মানে বাংলার উন্নয়নের গতিকে স্তব্ধ করা।
তাই রাজ্যের উন্নয়নের স্বার্থে প্রতিটি জায়গায়, প্রতিটি পঞ্চায়েতে তৃণমূলকে জয়যুক্ত করার ডাক দিলেন তিনি। তিনি দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিলেন, নির্দিষ্ট লক্ষ্য নিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। এক ইঞ্চি জমিও ছাড়লে হবে না। কৃষ্ণনগরের মঞ্চ থেকে তিনি একাধিক সামাজিক প্রকল্পের উপহার দেন রাজ্যবাসীকে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'কেন্দ্রের সরকার নানা প্রতিকূলতা সৃষ্টি করে আমাদের রাজ্যের উন্নয়নের গতি স্তব্ধ করার চেষ্টা করেছে। কিন্তু কেন্দ্র সরকারও আমাদের অগ্রগতি থামাতে পারেনি। আমরা কেন্দ্রের অসহযেগিতা সত্ত্বেও বহু প্রকল্প চালু রেখেছি। তার মধ্যে আশা প্রকল্প, মিড ডি মিল-সহ নানা প্রকল্পে আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছে সরকার।'
এ প্রসঙ্গে তিনি কেন্দ্রের বিজেপি সরকারকেও নিশানা করেন। তিনি বলেন, 'কেন্দ্রের সরকার কোনও কাজ করে না, শুধু মুখে বড় বড় কথা বলে। কেন্দ্রের 'বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পের সঙ্গে তিনি তুলনা করেন কন্যাশ্রীর প্রকল্পের। সারা দেশে 'বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পে মাত্র ১০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। রাজ্যের সংখ্যা দিয়ে ভাগ করলেই বুঝতে পারবেন কী হাল ওই প্রকল্পের।'
মমতার কথায়, 'একবার ফিরে তাকান কন্যাশ্রী প্রকল্পের দিকে। বিশ্বের ৫৫২টি প্রকল্পের মধ্যে সেরার স্বীকৃতি ছিনিয়ে এনেছে। ৬২টি দেশকে হেলায় হারিয়ে দিয়েছে বাংলার কন্যাশ্রীরা। পাঁচ হাজার কোটি টাকা খরচ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তার পর আমরা এবার রূপশ্রী প্রকল্প চালু করেছি। তাই আমাদের সরকারের থেকে সেরা কেউ নেই। আমাদের সঙ্গে আর কোনও সরকার পারবে না।'
বিজেপির বিরুদ্ধে এই চড়া সুর বেঁধেই মুখ্যমন্ত্রী আর্জি জানান, 'রাজ্যের উন্নয়নের ধারা স্তব্ধ হয়ে যাক কেউ চান না। তাই প্রতিটি পঞ্চায়েতেই জিততে হবে। এটাই আমাদের লক্ষ্য। রাজ্যকে আমরা পিছিয়ে যেতে দেব না। আমরা চাই না কিছুতেই আমাদের রাজ্যের এক পঞ্চায়েতও লক্ষ্মীছাড়া হোক। যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার কেড়ে নেয়, তাঁদেরকে একটা পঞ্চায়েতে জয়ী করবে না বাংলার মানুষ।'












Click it and Unblock the Notifications