প্রশান্ত কিশোরের কথাই কি তবে মান্যতা পেল, দুর্নীতির প্রশ্নে একুশের প্রার্থী তালিকা
২০১৯-এ বিজেপির কাছে ধাক্কা খাওয়ার পর তৃণমূল ভোট কৌশলীর দায়িত্বে এনেছিল প্রশান্ত কিশোরকে। তিনি তৃণমূলের দায়িত্ব নিয়েই জোর দিয়েছিলেন স্বচ্ছতায়।
২০১৯-এ বিজেপির কাছে ধাক্কা খাওয়ার পর তৃণমূল ভোট কৌশলীর দায়িত্বে এনেছিল প্রশান্ত কিশোরকে। তিনি তৃণমূলের দায়িত্ব নিয়েই জোর দিয়েছিলেন স্বচ্ছতায়। জনসংযোগ আর স্বচ্ছতায় ভর করেই এবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী তালিকা তৈরি করার পরামর্শ দিয়েছিলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর।

প্রশান্ত কিশোরের পরামর্শই মান্যতা পেল প্রার্থী তালিকায়
শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় একুশের নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করার পর প্রশান্ত কিশোরের সেই পরামর্শই মান্যতা পেল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তাঁদের ধারণা, দুর্নীতিগ্রস্থ অনেক নেতাকেই এবার বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে। তাঁদের পরিবর্তে প্রার্থী তালিকায় এসেছে অনেক নতুন মুখের চমক।

তৃণমূলের প্রার্থী তালিকায় যে প্রশান্ত কিশোরের প্রভাব
তপনের বিধায়ক বাচ্চু হাঁসদার প্রাসাদোপম বাড়ি নিয়ে প্রশান্ত কিশোর পর্যন্ত কটাক্ষ করেছিলেন। তা নিয়ে কম জলঘোলা হয়নি। এবার সেই বাচ্চু হাঁসদা কিন্তু টিকিট পেলেন না। ফলে তৃণমূলের প্রার্থী তালিকায় যে প্রশান্ত কিশোরের একটা প্রভাব রয়েছে বলাই যায়। প্রশান্ত কিশোর চেয়েছিলেন প্রার্থীপদে স্বচ্ছতা আনতে, তা অনেকাংশে হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

অনেক নেতার চক্ষুশূলও হয়েছেন প্রশান্ত কিশোর
তৃণমূলের প্রার্থী তালিকায় এবার প্রশান্ত কিশোরের যে একটা ভূমিকা থাকবে, তা প্রথম থেকেই অনুমেয় ছিল। কারণ প্রশান্ত কিশোর ২০২১-এর ভোটে তৃণমূলকে সাফল্য দিতে এসেছেন। তিনি যেমনটা চেয়েছেন, তেমন কাজের ক্ষেত্রও তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতোই জনসংযোগ আর স্বচ্ছতা আনার ভাবনায় অনেক নেতার চক্ষুশূলও হয়েছেন প্রশান্ত কিশোর।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার প্রশ্নে
মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধু নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার পিছনেও প্রশান্ত কিশোরের ভূমিকা রয়েছে বলেও মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। শুভেন্দু অধিকারীকে রুখতে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ঢাল হয়ে দাঁড়িয়েছেন বলে অনেকে ব্যাখ্যা পর্যন্ত করেছেন। প্রথমে তিনি দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন দুটি কেন্দ্রেই। তারপর ভবানীপুর ছেড়ে শুধু নন্দীগ্রামে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় ফেরাতে পিকে-স্ট্র্যাটেজি
মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হয়ে প্রচার কৌশলের কাজে নিজেকে নিয়োজিত করে রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোর তাঁর দাবি পুনর্ব্যক্ত করে জানান, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই ক্ষমতায় ফিরে আসবেন। এক সর্বভারতীয় চ্যানেলের সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তবে তিনি এই চাকরি ছেড়ে দেবেন এবং ভিন্ন কিছু করবেন।












Click it and Unblock the Notifications