পড়ুয়াদের গ্যারেন্টার রাজ্য সরকার! ছাত্রবন্ধু ক্রেডিট-কার্ডে স্বপ্ন সফলের বার্তা মমতার
পড়ুয়াদের গ্যারেন্টার রাজ্য সরকার! ছাত্রবন্ধু ক্রেডিট-কার্ডে স্বপ্ন সফলের বার্তা মমতার
মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণের পথ দেখালেন তাঁর 'ছাত্রবন্ধু' ক্রেডিট কার্ড প্রকল্প রূপায়ণ করে। এই ক্রেডিট কার্ডই উত্তরণের পথ দেখাবে বাংলার ছাত্রছাত্রীদের। বাংলার ছাত্রছাত্রীরা বিশ্বের দরবারে বাংলার গর্ব হয়ে উঠবে। লেখাপড়ার জন্য ছাত্রছাত্রীদের আর চিন্তা করতে হবে না। কারণ তাদের গ্যারেন্টার এখন থেকে রাজ্য সরকার।

ছাত্রছাত্রীদের স্বপ্ন সফল করতে সহজ শর্তে ঋণ
বুধবার স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে কথা দিয়েছিলেন। ইস্তাহারে ছাত্রবন্ধু হওয়ার বার্তায় তিনি জানিয়েছিলেন, সরকারে ফিরলেই ছাত্রছাত্রীদের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত সহজ শর্তে শিক্ষাঋণ পেতে ক্রেডিট কার্ড চালু করবেন তিনি। সেই কথা রাখলেন। রাজ্যে চালু হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড।

স্নাতক থেকে উচ্চশিক্ষায় ঋণ, গ্যারেন্টার রাজ্য সরকার
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, স্নাতক থেকে যাঁরা আরও উচ্চশিক্ষা লাভ করতে চান, তাঁরা সহজ শর্তে ওই ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ পাবে। গ্যারেন্টার হবে রাজ্য সরকার। কোনও ভাবনা নেই। এবার পড়াশোনার জন্য ছাত্রছাত্রীরা অর্থ পেয়ে যাবে। পরিবারের আর চিন্তা নেই। টাকার জন্য কারও পড়াশোনা আটকে যাবে না।

মেয়াদ ১৫ বছর, চাকরি পেয়ে ঋণ শোধ করবেন
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মাধ্যমে এই ঋণের মেয়াদ ১৫ বছর। বাংলার ছাত্রছাত্রীরা যেখানেই থাকুন ঋণ পাবেন। চাকরি পেয়ে ঋণ শোধ করতে পারবেন। এমনকী প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং-এর জন্যও এই ঋণ পাওয়া যাবে। ৪০ বছর বয়স পর্যন্ত ঋণ মিলবে।

কোন ব্যাঙ্ক থেকে মিলবে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের ঋণ
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সব সরকারি, বেসরকারি ও সমবায় ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়া যাবে। কোর্স চলাকালীন ঋণের আবেদন করা যাবে। কিছু দুষ্টু লোক আছে যারা শুধু নকল করে। ক্রেডিয় কার্ড নকল করা হলে তিনি কড়া ব্যবস্থা নেবেন। ছাত্রদের জন্য বরাদ্দ টাকা যেন নয়ছয় না হয়, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।

ঋণের আবেদন অনলাইনে, বিস্তারিত ওয়েবসাইটে
স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পোর্টাল খুলে দেওয়া হল বুধবার থেকে। মমতা জানান, এই ঋণের আবেদন অনলাইনে করা যাবে। বিস্তারিত জানা যাবে www.wb.gov.in- ওয়েবসাইটে। আর ফোন করা যেতে পারে টোল ফ্রি নম্বর ১৮০০১০২৮০১৪-তে। স্টুডেন্টস ক্রেডিট কার্ড চালু করে এভাবেই পড়ুয়াদের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications