শোভন চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ৮ কাউন্সিলরের ভূমিকায় প্রশ্ন! পুরসভা ভোটে টিকিট বণ্টনে মমতার দাওয়াই
শোভন ঘনিষ্ঠ ৮ কাউন্সিলরের ভূমিকায় প্রশ্ন! পুরসভা ভোটে টিকিট বণ্টনে মমতার দাওয়াই
সামনেই রয়েছে কলকাতা পুরসভা নির্বাচন। যুযুধান দুই শিবির নেমে পড়েছেন ময়দানে। তৃণমূল ও বিজেপি তাঁদের প্রার্থী তালিকা গোছানোর কাজ শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতে সংরক্ষণ তালিকায় বাদ পড়া ছাড়াও আরও একটা কাঁটা দেখা দিয়েছে শাসক দল তৃণমূলের কাছে। আর সেই কাঁটা হলেন শোভন চট্টোপাধ্যায়।

শোভন ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলরদের ভবিষ্যৎ
শোভন চট্টোপাধ্যায় বারবার অবস্থান বদল করায়, শোভন ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলরদের নিয়ে অন্য রকম ভাবছে দল। সংরক্ষণের কোপে পড়ে অনেকের টিকিট পাওয়া তো সমস্যা হচ্ছেই, হেভিওয়েট অনেককেই দাঁড়াতে হচ্ছে নিজের ওয়ার্ড ছেড়ে অন্য ওয়ার্ড থেকে। আর শোভন ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলররা টিকিট পাবে কি না, তা নিয়েই প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

শোভনের বারবার অবস্থান বদল, সতর্ক তৃণমূল
শোভন চট্টোপাধ্যায় এখন বিজেপিতে। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে ভাইফোঁটা নিয়ে আসার পর তাঁর তৃণমূলে ফেরা সময়ের অপেক্ষা বলে মনে করছিল রাজনৈতিক মহল। কিন্তু তারপর তিনি বারবার অবস্থান বদল করেছেন। নানা শর্ত আরোপ করেছেন। ফলে তৃণমূলের যাঁরা শোভনের সঙ্গে যোগাযোগ রেখে চলেন, তাঁদের ব্যাপারে সতর্ক তৃণমূল।

অলিখিত কঠোর সিদ্ধান্ত নিতে পারে তৃণমূল
তাঁরা এবার তৃণমূলের টিকিট পাবেন না। এমনটাই অলিখিত সিদ্ধান্ত নিতে পারে তৃণমূল, মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, টিকিট বণ্টন নিয়ে কোনওরকম অসন্তোষ তিনি চান না। ফলে আটঘাট বেঁধে তিনি নামছেন।

মমতার পাশাপাশি বার্তা প্রশান্ত কিশোরেরও
মমতা জানিয়েছেন, টিকিট দেবেন তিনি নিজে। যাঁকে টিকিট দেবেন তাঁকে মান্যতা দিতে হবে। তিনি সবদিক বিবেচনা করে প্রার্থী স্থির করে দেবেন। কোনওরকম গোষ্ঠীকোন্দল তিনি বরদাস্ত করবেন না। এমন বার্তা দিয়েছেন প্রশান্ত কিশোরও। এখন দেখার শোভন ঘনিষ্ঠরা কি বঞ্চিতই রয়ে যান কি না। কিংবা রাজনীতির জল কোনদিকে গড়ায়।












Click it and Unblock the Notifications