দেনার দায় নিয়েও উন্নয়নকে ব্রত করেছেন মমতা, খতিয়ান তুলে ধরে দিলেন ব্যাখ্যা
রাজ্যের দায়িত্ব নেওয়ার দিন থেকে দেনার দায় চেপেছে মাথার উপর। তবু উন্নয়নকে ব্রত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একে একে রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন।
রাজ্যের দায়িত্ব নেওয়ার দিন থেকে দেনার দায় চেপেছে মাথার উপর। তবু উন্নয়নকে ব্রত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একে একে রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন। এই আট বছরে তিনি রাজ্যের জন্য কী কী পদক্ষেপ নিয়েছে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী এই ব্যাখ্যা দেন।

তিনি বলেন, রাজ্যের মুলধনী ব্যয় প্রায় ১১ গুন বৃদ্ধি পেয়েছে। ২০১০-১১ থেকে ২০১৮-১৯ অর্থবর্ষে মোট ১১ বার বেড়ে ২৩,৭২৭ কোটি টাকা হয়েছে। কর আদায়ও বেড়েছে তিন গুণ। ২০১০-১১ অর্থবর্ষে ছিল ২১ হাজার কোটি। ২০১৮-১৯ অর্থবর্ষে হয়েছে ৬৫,৩৪১ কোটি টাকা।
এছাড়া জিএসডিপি আড়াই গুণ বেশি হয়েছে। ২০১০-১১ অর্থবর্ষে ছিল ৪.৭৪ লক্ষ কোটি। ২০১৮-১৯ অর্থবর্ষে হয়েছে ১১.৫৫ লক্ষ কোটি টাকা। পরিকল্পনা খাতেও ব্যয় বেড়েছে। ব্যয় বেড়েছে ৬ গুণ। ২০১০-১১ অর্থবর্ষে ছিল ১১,৮৩৭ কোটি টাকা, ২০১৮-১৯ অর্থবর্ষে হয়েছে ৭১,১১৩ কোটি টাকা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, বাংলার পুজো খুব ভালোভাবে কেটেছে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ প্রশাসন ভালো কাজ করেছে। বাংলার পুজো কার্নিভাল বিশ্বসেরা হয়েছে। কন্যাশ্রী, সবুজ সাথী, উৎকর্ষ বাংলা পুরস্কৃত হয়েছে। ডেনমার্কে পুরস্কৃত হয়েছে কলকাতা। বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।
নোবেল পুরস্কারপ্রাপ্ত অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নোবেলজয়ী অভিজিৎকে অনেক শুভেচ্ছা। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নোবেল লাভ বাংলার গর্ব। ঠিক যেমন সৌরভের ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়া বাংলার গর্ব।
এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়কেও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সৌরভের সঙ্গেও আমার কথা হয়েছে, সৌরভ তো আমাদের ঘরের ছেলে। মোট কথা অভিজিৎ আর সৌরভ- একই দিনে জোড়া খবরে তিনি খুব খুশি, বাংলা গর্বিত। এদিন এই সাংবাদিক সম্মেলন থেকে বিজেপিকেও বার্তা দিয়ে মমতা বলেন, ভালো জিনিস গ্রহণ করতে শিখুন।












Click it and Unblock the Notifications