প্রত্যেকদিন চারটি করে নিমপাতা খান মমতা, রাজ্যবাসীকেও বানিয়ে দিলেন ডায়েট চার্ট
প্রত্যেকদিন চারটি করে নিমপাতা খান মমতা, রাজ্যবাসীকেও বানিয়ে দিলেন ডায়েট চার্ট
করোনা থাবা বসিয়েছে বাংলাতেও। তাই প্রথম থেকেই কড়া হাতে এই করোনা ভাইরাসের মোকাবিলায় নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লকডাউন করে আগাম ব্যবস্থা তো নিয়েছেনই, রাজ্যবাসীর কাছেও আবেদন রেখেছেন সুরক্ষা বলয়ে থেকে এই মারাত্মক ভাইরাসকে হারিয়ে দিন। তিনি তাই নির্দিষ্ট ডায়েট চার্ট মেনে চলতেও অনুরোধ করেন।

নিজেকে সুস্থ রাখতে
মমতা বলেন, এই পরিস্থিতিকে নিজেকে সুস্থ রাখতে হবে। নিজের ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে তুলতে হবে। সে জন্য পাতিলসেবুর রস খেতে হবে। আর খেতে হবে নিমপাতা ও টকদই। মমতা বলেন, আমি প্রত্যেকদিন চারটে করে কাঁচা নিমপাতা খাই। আপনারাও খান।

ডায়েট চার্ট বেঁধে দিলেন মমতা
রাজ্যবাসীর জন্য ডায়েট চার্ট বেঁধে তাঁদের ভালো থাকার দাওয়াই দিলেন। তিনি বলেন, সকালে একটু উষ্ণ জলে পাতিলেবুর রস দিয়ে খান। গলা ভালো থাকবে। টকদইও খুব ভালো। নিমপাতা খান নিয়মিত, হালকা খাবার খান। করোনা মোকাবিলায় সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের পাশাপাশি খাদ্যাভাসও পরিবর্তন করতে হবে।

পেনশন-রেশনও
এদিন সাংবাদিক বৈঠক করে মমতা বলেন, বার্ধক্যভাতার দু-মাসের পেনশনও একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ১ মাস বিনামূল্য রেশন দেওয়া হবে। তিন মাস বিনামূল্য কি না পরে বিবেচনা করা হবে। পরিস্থিতির পরিবর্তন না হলে রাজ্য সরকার সেই চিন্তাভাবনা করবে।

অত্যাবশ্যকীয় পণ্যের জন্য
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, রাজ্যের সব বাজার খোলা আছে। কোনও চিন্তা নেই। খাদ্যদ্রব্য মজুত রয়েছে। অত্যাবশ্যকীয় পণ্য কিনতে বাধা দেওয়া যাবে না। পুলিশ এই লকডাউনের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে বাধা দিয়েছে। সে জন্য ৭-৮ জন পুলিশকে আমরা ইতিমধ্যে ক্লোজড করেছি।

খাবার সংগ্রহে সুরক্ষা
মমতা বলেন, আপনারা খাবার সংগ্রহ করুন, কিন্তু সুরক্ষা বজায় রেখে। যা নির্দেশিকা দেওয়া হয়েছে, সেগুলো মেনে চলুন। এর পাশাপাশি তিনি পুলিশকে বার্তা দিয়েছেন, মানবিক হতে হবে, সেইসঙ্গে কঠোরও। পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ পেয়েছি। এসব মানব না। অনেক পুলিশ ভালো কাজ করছে, কেউ কেউ সমস্যা তৈরি করছে।












Click it and Unblock the Notifications