বিজেপিকে হোয়াইট ওয়াশ করে মমতা বললেন মানুষের জয়, দলকে দিলেন আগামীর বার্তা
বিজেপিকে হোয়াইট ওয়াশ করে মমতা বললেন মানুষের জয়, দলকে দিলেন আগামীর বার্তা
বিপুল ব্যবধানে ফের চার পুরসভার নির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস। বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি- কোথাও বিরোধীরা লড়াই দিতে পারল না তৃণমূলকে। তৃণমূল ফের হোয়াইট ওয়াশ করে চাড়ল বিরোধীদের। বিরাট এই জয়ের পর টুইট করে মা-মাটি-মানুষকে ধন্যবাদ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার মা-মাটি মানুষের মুখ্যমন্ত্রী টুইট করে এই জয় বাংলার মানুষকে উৎসর্গ করেন। লেখেন- আরও একবার মা-মাটি-মানুষের অভূতপূর্ব জয়। আসানসোল, বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগরের মানুষকে শুভেচ্ছা। এই পুরভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের উপর আস্থা রাখার জন্য আপনাদের ধন্যবাদ।
তিনি আরও লেখেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমরা আরও উদ্যম পাব। আমরা আরও উদ্যম নিয়ে কাজ করব বাংলার মা-মাটি-মানুষের জন্য। এই জয়ে বাংলার মানুষের কাছে আমার কৃতজ্ঞতা জানাই। এই জয় বাংলার মা-মাটি-মানুষের জয়। এই জয় বিরোধীদের কুৎসার জবাব।
এদিন একটি জনপ্রিয় টিভি চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবারের ভোটে কোনওরকম গন্ডগোল হয়নি। মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। এই জয় আমাদের আরও নম্র ও মানবিক করে তুলুক। আমাদের আরও কোভিড সতেচন করুক। আমরা যেন মানুষের বিপদে পাশে দাঁড়াতে পারি। এই বলে তিনি বলেন, আজকের স্লোগান হোক, তৃণমূল কংগ্রেস সবাইকে জানাচ্ছে ধন্যবাদ।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষ রায় মাথা পেতে নিতে হবে। মানুষ রায় দিয়েছিল তাই গত নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপি জিতেছে। কিন্তু উত্তরবঙ্গের মানুষের জন্য কিছুই করেনি বিজেপি। চা বাগান খুলে দেবে বলেছিল, কিন্তু তা পারেনি। উত্তরবঙ্গে যাবতীয় কাজ আমরা করেছি। শিলিগুড়ির যাবতীয় উন্নয়নের কাজ আমাদের আমলে হয়েছে।
এদিন বিরোধীদের বিঁধে মমতা বলেন, সিপিএম, বিজেপি ও কংগ্রেসের মধ্যে সমঝোতা হয়েছিল। ওরা জগাই-মাধাই-গদাই হয়েও কিছু করতে পারেনি। বিজেপি কোনও কাজ করেনি শুধু প্ররোচনা দিয়েছে। আর বাম আমলে কিছু কাজ হয়নি। যা কাজ হয়েছে তৃণমূলের আমলে। সে কারণেই বাংলার মানুষ আমাদের প্রাণ খুলে আশীর্বাদ করেছে। আমরা জয়ী হয়েছি। আজ জয়ের খবর নিয়ে উত্তরবঙ্গ সফরে যাচ্ছি।
এদিন একইসঙ্গে মমতা জানিয়ে দেন, শিলিগুড়িতে বাম দুর্গের পতন ঘটিয়েছেন গৌতম দেব। তাঁকেই মেয়র হিসেবে বেছে নেওয়া হচ্ছে। গৌতম সবথেকে সিনিয়র নেতা শিলিগুড়ির। তিনিই নেতৃত্ব দিয়ে তৃণমূলকে জয়ের পথে এনেছেন। তবে অন্য তিন পুরসভা নিয়ে কোনও ইঙ্গিত দেননি তৃণমূল সুপ্রিমো। তা উত্তরবঙ্গ থেকে ফিরে তিনি আলোচনা করে ঠিক করবেন বলে জানান।












Click it and Unblock the Notifications