মোদীর ঘাড়ে দায় চাপিয়ে আশাকর্মীদের বার্তা মমতার, আন্দোলনে উল্টো ফলের হুঁশিয়ারি
মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ‘আশা প্রকল্পের সমস্ত সাহায্য দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। কিন্তু আমরা মানবিকতার খাতিরে ওই প্রকল্প বন্ধ করিনি।
সরকারি প্রকল্প প্রদানের মঞ্চ থেকে আশাকর্মীদের চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, 'আশা প্রকল্পের সমস্ত সাহায্য দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। কিন্তু আমরা মানবিকতার খাতিরে ওই প্রকল্প বন্ধ করিনি। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে টাকা দিয়ে ওই প্রকল্প চালিয়ে যাচ্ছি। এখন যদি আপনারা আন্দোলনের পথ ঝধরেন, তাহলে উল্টো ফল হবে।'

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশাকর্মীদের আন্দোলনে রীতিমতো বিরক্ত হয়ে বলেন, 'নিজেদের কাজ ভুলে আন্দোলন চালালে 'না ঘর না ঘটকা' অবস্থা হবে। আপনাদের কাজ পরিষেবা দেওয়া। আপনারা কাজ করুন। আমি এটুকু আশ্বাস দিতে পারি আমার সরকার যতদিন আছে, আপনাদের প্রকল্প বন্ধ হবে না। যদি বন্ধ করতে চাইতাম, তবে কেন্দ্র যেদিন আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছিল, সেদিনই আমরা বন্ধ করে দিতাম।'
মমতা আরও অভিযোগ করেন, 'আশা কর্মীদের দুরবস্থা কেন্দ্রের দায়িত্বজ্ঞানহীনতার কারণে। তারপর আবার আশাকর্মীদের ক্ষেপিয়ে তুলছে তারাই। বিরোধীরা আশাকর্মীদের ভুল বোঝাচ্ছে। আন্দোলনের নামে ওঁদের কাছ থেকে টাকা তোলা হচ্ছে। বুঝিয়ে-সুঝিয়ে কলকাতায় নিয়ে গিয়ে পার্টি ফান্ড ভরাচ্ছে বিরোধীরা। এরপরই তিনি বলেন, ওদের কথা শুনে চললে, প্রকল্পটাই তুলে দিতে বাধ্য হব।'
মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, 'শুধু আশা প্রকল্পের টাকাই নয়, বিভিন্ন খাতে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র। তবু আমরা প্রতিকূলতা জয় করে বিভিন্ন ক্ষেত্রে এক নম্বর হয়েছি। একশো দিনের কাজে আমরা এক নম্বর। কৃষিও বাড়ছে। কৃষি বাড়লে শিল্পও বাড়বে। রাজ্যের বিভিন্ন প্রকল্প বিশ্ব সমাদৃত হচ্ছে। তাই আমাদের সরকারের উন্নয়নের ধারাকে রুখতে না পেরে সহায়তা বন্ধের নোংরা খেলা শুরু করেছে বিজেপি সরকার।'
উল্লেখ্য, আশাকর্মীরা ন্যূনতম ১৮ হাজার টাকা মাসিক বেতন ও সরকারি সমস্ত সুযোগ-সুবিধা দেওয়ার দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছেন। গত কয়েকমাস ধরেই আন্দোলন চলছে। আশাকর্মী ও রাজ্যের শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে ১৭ জানুয়ারি ভারত বনধের ডাক দিয়েছে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নও।












Click it and Unblock the Notifications