Tapasi Mondal: 'বিজেপি বিধায়ক'কে সরকারি দফতরে বড় দায়িত্ব মমতার! যোগ্য বলেই পদ, বলছেন তাপসী
Tapasi Mondal: গত কয়েকদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। খোদ শুভেন্দু গড়ে বড় ভাঙন। আর এহেন দলবদলের পরেই বড় দায়িত্ব পেলেন প্রাক্তন বিজেপি বিধায়ক। রাজ্যের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের চেয়ারপার্সন করা হল তাঁকে। দলবদলের পরেই সরকারি পদে তাপসী মণ্ডলের নিয়োগ নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। বিরোধীদের দাবি, তৃণমূলে যোগদানের 'পুরস্কার' হিসাবেই তাপসীকে ওই পদ দেওয়া হয়েছে।
যদিও তাঁর দাবি, যোগ্য মনে করাতেই মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় গুরু দায়িত্ব দিয়েছেন। আর তা যথেষ্ট দায়িত্ব নিয়ে পালন করবেন বলে জানিয়েছেন তাপসী (Tapasi Mondal)। বলে রাখা প্রয়োজন, বিজেপির টিকিটে হলদিয়া বিধানসভা আসন ২০২১ সালে বড়সড় জয় পান।

দীর্ঘ সময় সিপিএমের সঙ্গে যুক্ত থাকলেও সেই বছর ভোটের মুখে দলবদল করে বাম থেকে রাম হন। মূলত শুভেন্দু অধিকারীর হাত ধরেই বিজেপিতে যোগ দেন তাপসী মণ্ডল। যদিও গত কয়েকমাস ধরেই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করে।
বিশেষ করে তমলুকের বিজেপি সাংস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাপসী মণ্ডলের (Tapasi Mondal) সংঘাত চরম আকার নেয়। একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে শুরু করে। জেলায় কান পাতলেই শোনা জাচ্ছিল যে বিজেপি ছেড়ে তৃণমূলে খুব শীঘ্রই যোগ দিতে পারেন তাপসী মণ্ডল। আর সেই জল্পনাকে সত্যি করেই গত ১০ মার্চ তিনি আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দেন।
এর পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার তাঁকে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের চেয়ারপার্সনের মতো গুরুত্বপূর্ণ পদে বসাল। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। দলবদলের পরেই সরকারি পদ তাপসী (Tapasi Mondal) পেতেই শুরু হয়েছে জোর জল্পনা। কড়া ভাষায় বিরোধীরা এহেন সিদ্ধান্তের সমালোচনা করেছেন। দলবদলের পুরস্কার বলেও কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন।
যদিও এই প্রসঙ্গে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল (Tapasi Mondal) জানিয়েছেন, 'নেত্রী যে কাজ দেবেন, তা দায়িত্বের সঙ্গে পালন করব।' শুধু তাই নয়, যোগ্য হিসাবে মনে করাতেই এহেন পদ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তৃণমূল নেত্রী।
অন্যদিকে এখনই বিজেপি বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন না বলেও জানিয়েছেন। তাপসী মণ্ডল জানিয়েছেন, শুভেন্দু অধিকারীর সংসারে এমন অনেক বিধায়ক আছেন যারা দলবদল করেও ইস্তফা দেননি। ফলে বিধায়ক পদ থেকে পদত্যাগের কোনও প্রশ্নই ওঠে না বলে মন্তব্য।












Click it and Unblock the Notifications