বাংলার রাজনীতিতে নয়া সমীকরণ! ঠেকে শিখে রাজ্যেও এবার জোট বার্তা তৃণমূল নেত্রী মমতার
রাজ্য রাজনীতিতে নয়া সমীকরণের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম তিনি প্রকাশ্যে বামফ্রন্ট ও কংগ্রেসের সাহায্য চাইলেন। রাজ্য রাজনীতিতেও একসঙ্গে চলার বার্তা দিলেন।
রাজ্য রাজনীতিতে নয়া সমীকরণের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম তিনি প্রকাশ্যে বামফ্রন্ট ও কংগ্রেসের সাহায্য চাইলেন। রাজ্য রাজনীতিতেও একসঙ্গে চলার বার্তা দিলেন। এতদিন তিনি বাম-বিজেপি-কংগ্রেসকে একসঙ্গে দেখাতে চেয়েছেন। জগাই-মাধাই-বিধাই বলে কটাক্ষ করেছেন। কিন্তু এক ভোটে নৈতিক হারই বদলে দিল সবকিছু।

বিজেপিকে রুখতে একসঙ্গে চলা দরকার
বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন, বিজেপিকে রুখতে একসঙ্গে চলা দরকার। একেবারে বিধানসভার অধিবেশন থেকে সুজন চক্রবর্তী ও আবদুল মান্নানদের উদ্দেশ্যে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথম সরাসরি বাম-কংগ্রেসকে পাশে থাকার বার্তা দিয়ে বলেন, বিজেপিকে রুখতে আমাদের একজোট হতে হবে।

জাতীয় স্তরে আমরা সমস্ত ইস্যুতে কংগ্রেসের পাশে
মমতা বলেন, জাতীয় স্তরে আমরা সমস্ত ইস্যুতে কংগ্রেসের পাশে থাকি। এবার এ রাজ্যেও তেমনিটাই হবে। আমরা একসঙ্গে চলব। বামেদেরও তিনি এই লড়াইয়ে একসঙ্গে চলার বার্তা দেন। বলেন, বিজেপির মতো শক্তিকে রুখতে রাজ্যের কল্যাণে একসঙ্গে চলা জরুরি। জোটবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করব আমরা।

বিজেপি জেতার পর আগুন জ্বলছে
ভোটের পর থেকে ভাটপাড়ায় যে ঘটনা ঘটে চলেছে, তাতে আশঙ্কা প্রকাশ করে মমতা বলেন, আমি মনে করি আমাদের সকলের বিজেপির বিরুদ্ধে যুদ্ধে একত্রিত হওয়া উচিত। এর অর্থ এই নয় যে আমাদের রাজনৈতিকভাবে হাত মেলাতে হবে। আমাদের রাজনৈতিক আদর্শ আলাদা, সেখানে আদর্শের লড়াই থাকবে। কিন্তু জাতীয় পর্যায়ের মতো এ রাজ্যেও বিভিন্ন ইস্যুতে আমরা একসাথে চলতে পারি।

বাংলায় ভিনরাজ্যের সংস্কৃতি আনার চেষ্টা
বিজেপির সমালোচনা করে মমতা বলেন, বাংলায় ভিনরাজ্যের সংস্কৃতি আনার চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির। সেই কারণেই ভাটপাড়ায় আগুন জ্বলছে। হিংসা ছড়াচ্ছে বিজেপি। অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে ব্যারাকপুর লোকসভা আসনে জেতার পরই এই ধরনের ঘটনা ঘটে চলেছে।

মত বদল মুখ্যমন্ত্রী মমতার
এ প্রসঙ্গেই প্রশ্ন উঠে পড়েছে, বিজেপিকে কি তবে একা আর রুখতে পারছে না তৃণমূল? এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলে এসেছেন একমাত্র তৃণমূলই পারে বিজেপিকে রুখতে। সেই কারণে বাংলায় মহাজোট গড়তে একপ্রকার অস্বীকার করেছিলেন। বলেছিলেন যেখানে যে শক্তিশালী সে লড়াই করবে। বাংলায় তারা একাই একশো। লোকসভার ফল প্রকাশের পর অবশ্য মত বদলে ফেললেন বাংলার মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications