তৃণমূলের সঙ্গে প্রশান্ত কিশোরের সম্পর্ক তলানিতে! একুশের নির্বাচনের আগে বিপাকে মমতা
তৃণমূলের সঙ্গে প্রশান্ত কিশোরের সম্পর্ক তলানিতে! একুশের নির্বাচনের আগে বিপাকে মমতা
২০১৯ লোকসভা নির্বাচনে আশাতীত ফল না করতে পেরে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের শরণাপন্ন হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক ধাক্কা সামলে তৃণমূল ঘুরেও দাঁড়াচ্ছিল রাজ্যে। উপনির্বাচনে বিজেপিকে হার মানতে হয়েছিল তৃণমূলের কাছে। কিন্তু ২০২১-এর আগে তৃণমূল নেতাদের সঙ্গে দূরত্ব বেড়েই চলেছে ভোট কৌশলীর।

দুর্নীতি গ্রাস করেছে তৃণমূল নেতাদের
প্রশান্ত কিশোর তৃণমূলের দায়িত্ব নিয়েই দলের ভাবমূর্তি ফেরানোর উদ্যোগ নিয়েছিলেন। সেই কারণেই ‘দিদিকে বলো' কর্মসূচি নেন তিনি। এই কর্মসূচি দুর্নীতি দমনের একটা পদক্ষেপ ছিল। তার পর ‘বাংলার গর্ব মমতা'য় দলের পুরনো নেতা-কর্মীদের ফেরানোর প্রক্রিয়াও শুরু করেন। সম্প্রতি করোনা-আম্ফান বিপর্যয়ের পর দলের নেতাদের দুর্নীতি গ্রাস করায় সমালোচনা করেন পিকে।

পিকে কাঠগড়ায় তোলেন তৃণমূল নেতাদের
এমনিতেই বেশ কিছু নেতা পিকের বিরোধিতা করে যাচ্ছিলেন তৃণমূলে। তারপর পিকে দুর্নীতি নিয়ে তৃণমূলকে কাঠগড়ায় তোলায় আরও বিরোধিতা বাড়ে। পিকে মন্তব্য করেছিলেন, এভাবে চলতে থাকলে তৃণমূলকে ২০২১-এ ক্ষমতায় ফেরানো দুঃসাধ্য হয়ে যাবে না। এরপর মমতাও সক্রিয় হন দুর্নীতিগ্রস্ত নেতাদের সরিয়ে দিতে।

বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে
তাতেই তৃণমূলের একটা বড় অংশ ক্ষিপ্ত। তাঁরা সরাসরি প্রশান্ত কিশোরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। অভিযোগ, প্রশান্ত কিশোর অযথা দলের বিরুদ্ধে নাক গলাচ্ছেন। অনেকে প্রশান্ত কিশোরের বিরুদ্ধে নালিশ জানাবেন বলেও ঠিক করেছেন। কিন্তু কে বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে তা নিয়েই চাপানউতোর চলছে।

পিকের রিপোর্টে দলের কাছে খারাপ
প্রশান্ত কিশোরের বিরুদ্ধে আরও একটা অভিযোগ উঠেছে, নেতাদের কোনও স্বাধীনতা নেই। সসম্তে কিছুতেই নজরদারি চালাচ্ছে পিকের টিম। অনেক ভালো কর্মীর গায়েও দুর্নীতিগ্রস্ত তকমা সেঁটে দেওয়া হচ্ছে। তা নিয়ে ক্ষোভ বাড়ছে পিকের বিরুদ্ধে। এভাবে প্রশান্ত কিশোরের রিপোর্টে দলের কাছে খারাপ হয়ে যেতে হচ্ছে অনেককেই। তা মানতে পারছেন না তাঁরা।

পিকে-তৃণমূল দ্বৈরথে সিঁদুরে মেঘ
২০২১ ভোটের আগে দলেরই ভোট কৌশলীর সঙ্গে নেতাদের দ্বৈরথে খারাপ প্রভাব পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় তাই বিপাকে পড়েছেন বেশ। এই পরিস্থিতিতে তাঁকেই উদ্যেোগ নিতে হবে দলকে অস্বস্তি থেকে বের করে আনার। এখন দেখার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই প্রতিকূল পরিস্থিতি কীভাবে সামলায়।












Click it and Unblock the Notifications