তৃণমূলে নতুন পদের সৃষ্টি হবে! কাকে কোন পদ দিচ্ছেন মমতা, চূড়ান্ত হবে কর্মসমিতির বৈঠকে
মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের শীর্ষ নেতৃত্বদের বৈঠক ডেকে জাতীয় কর্মসমিতির ২০ সদস্যকে বেছে নিয়েছিলেন। বুঝিয়ে দিয়েছিলেন, দলে তিনিই সর্বেসর্বা। তাঁর কথাই তৃণমূলে চলবে।
মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের শীর্ষ নেতৃত্বদের বৈঠক ডেকে জাতীয় কর্মসমিতির ২০ সদস্যকে বেছে নিয়েছিলেন। বুঝিয়ে দিয়েছিলেন, দলে তিনিই সর্বেসর্বা। তাঁর কথাই তৃণমূলে চলবে। শুক্রবার ফের সেই জাতীয় কর্মসমিতির সদস্যদের নিয়ে বৈঠকে বসছেন মমতা। এই বৈঠক শেষেই জানা যাবে কে কোন পদে আসীন হতে চলেছেন।

মমতার দলে নতুন পদ!
তৃণমূল নতুন পদ সৃষ্টি হতে পারে। কার্যনির্বাহী সভাপতি পদ তৈরি হতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে যে দলটাকে তৈরি করেছিলেন, বহরে বড় হওয়ার পর তাঁকে একই বৃত্তে আগলে রাখতে এবার নয়া পরিকল্পনা নিয়েছে তিনি। তিনি চান না, তিলে তিলে যে দলটা তিনি গড়ে তুলেছেন, সেই দলে কোনও সমান্তরাল সংগঠন চলুক। তাই তৃণমূলের রাশ নিজের হাতেই রেখেই তিনি বিস্তারের পরিকল্পনা নিয়েছেন।

তৃণমূলের সংগঠনে নতুন ফর্মুলা
গত বৈঠকে তৃণমূলের জাতীয় কর্মসমিতির ২০ সদস্যকে বেছে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সেই জাতীয় কর্মসমিতির বৈঠকে জাতীয় স্তরের পদাধিকারীর নাম ঘোষণা করতে পারেন তিনি। তৃণমূলের সংগঠনে নতুন ফর্মুলা তিনি আনতে পারেন। সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশাপাশি তিনি তৈরি করতে পারেন কার্যনির্বাহী সভপাতির পদ।

তৃণমূলের নিয়ন্ত্রণ প্রশ্নে মমতা
বিগত কিছুদিন ধরেই তৃণমূলের গোষ্ঠীকোন্দল সাংঘাতিক রূপ নিয়েছিল। যার ফলে প্রশ্ন উঠে পড়েছিল তৃণমূলের নিয়ন্ত্রণ নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় হাত থেকে কি তাহলে তৃণমূলের রাশ বেরিয়ে গিয়েছে, এখন কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ই তৃণমূলকে নিয়ন্ত্রণ করছেন, প্রশ্ন উঠে পড়েছিল দলের সিনিয়র নেতাদের মধ্যে। এরপরই মমতা শীর্ষনেতাদের বৈঠকে ডেকে বুঝিয়ে দেন, তিনিই সর্বেসর্বা তৃণমূলের। তিনিই শেষ কথা বলবেন।

সকলকে নিয়ে চলতে মমতার পদক্ষেপ
শনিবার জাতীয় কর্মসমিতির ২০ জনের নাম ঘোষণা করে মমতা সাফ জানিয়েছিলেন, সকলকে এক হয়ে চলতে হবে। সম্প্রতি তৃণমূলের সাংগঠনিক নির্বাচনও হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হিসেবে নির্বাচিত করা হয়। সেদিনই পাঁচ-ছ'জনের নাম ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেন, তিনি নিজের হাতেই রাশ রাখছেন।

সদস্যদের পদ বিতরণ করবেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হয়ে জানিয়েছিলেন, শীঘ্রই তৃণমূলের জাতীয় কর্মসমিতি ঘোষণা করা হবে। সেইমতো জাতীয় কর্মসমিতির ২০ জন সদস্যকে বছে নেওয়া হয়। সর্বভারতীয় সমস্ত পদ অবলুপ্ত হয় সেইসঙ্গে। এবার জাতীয় কর্মসমিতির সদস্যদের নিয়ে বৈঠকে তিনি সদস্যদের পদ বিতরণ করবেন।

কে কোন পদে বসবেন তৃণমূলে
জাতীয় কর্মসমিতিতে সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া রয়েছেন অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, বুলচিক বরাইক, কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দুশেখর রায়, মলয় ঘটক, অনুব্রত মণ্ডল, গৌতম দেব, রাজীব ত্রিপাঠী, অসীমা পাত্র, জ্যোতিপ্রিয় মল্লিক ও যশবন্ত সিনহা। তাঁদের কে কোন পদে বসেন, এখন সেটাই দেখার।

অভিষেকের পদ নিয়ে প্রশ্ন
অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছিলেন। সেই পোস্টও তৈরি হয়েছিল নতুন করে। এখন দেখার সেই পদে অভিষেকই থাকেন নাকি অন্য কোউ আসেন। সেইসঙ্গে নতুন পদ হিসেবে তৈরি হতে পারে কার্যনির্বাহী সভাপতির পদ। সেই নতুন পদে কাকে বসাবেন মমতা, তা নিয়ে জল্পনা চলছে। এমনও হতে পারে সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে অভিষেককে রেখে মাথার উপরে কার্যনির্বাহী সভাপতি করে অন্য কাউকে বসানো হতে পারে।












Click it and Unblock the Notifications