Mamata Banerjee: ইমাম-মোয়াজ্জেম ও পুরোহিত ভাতা বাড়ল, লোকসভা নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক মমতার
২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইমাম-মোয়াজ্জেম ও পুরোহিত ভাতা বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জেম সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সমাবেশে মুখ্যমন্ত্রী এই 'পুরস্কার' ঘোষণা করেন।
তিনি বলেন, আমার ক্ষুদ্র সামর্থের মধ্যে ইমাম ও মোয়াজ্জেমদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিলাম। পুরোহিতদেরও ভাতা বাড়ানো হচ্ছে। লোকসভা নির্বাচনের আগে এই ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক বলেই বিবেচিত হচ্ছে রাজনৈতিক মহলে।

মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণাকরেন আরও ৫০০ টাকা করে বাড়ল মোয়াজ্জেম ও ইমাম ভাতা। পুরোহিতদের ভাতাও বাড়ল ৫০০ টাকা। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জেম সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন রাজ্যের ছোটো-বড়ো ইমাম সংগঠনগুলিকে একত্রিত করে আয়োজন করেছিল এই সমাবেশের।
এই অনুষ্ঠান থেকে ৫০০ টাকা ভাতা ঘোষণা করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ইমাম-মোয়াজ্জেন ছাড়া যে কোনও সংখ্যালঘু সম্প্রদায়ের যাঁরা রয়েছেন, তাঁরা যদি লোন নিয়ে ব্যবসা করতে চান, তা প্রদান করবে রাজ্য সরকার। এ ছাড়া মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। আর ঘর আমরা আবার করে দেব।
এর আগে মোয়াজ্জেমরা পেতেন ১০০০ টাকা। ইমামরা পেতেন ২৫০০ টাকা করে ভাতা। ৫০০ টাকা বাড়ানোয় তাদের ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াল যথাক্রমে ১৫০০ টাকা ও ৩০০০ টাকা। পুরোহিতরাও যে পরিমাণ ভাতা পেতেন, এখন তার থেকে ৫০০ টাকা বেশি ভাতা পাবেন।
এদিন ইমাম ও মোয়াজ্জেমদের ভাতা বাড়ানোর পরই ফুরফুরা শরিফের উদ্দেশে এক বিশেষ বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ফুরফুরা শরিফকে আমরা সম্মান করি। আশা করি ফুরফুরা শরিফ রাজনীতির মধ্যে প্রবেশ করবে না। ফুরফুরা শরিফের মতো প্রতিষ্ঠানের রাজনীতির ঊর্ধ্বে থাকাই ভালো।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের অনুষ্ঠান থেকে বিজেপি ও সিপিএমকেও বার্তা দেন। তিনি বলেন, সিপিএমকে কাজে লাগানোর চেষ্টা করছে বিজেপি। এদিন সিপিএমের সঙ্গে বিজেপি আন্ডারস্ট্যান্ডিংয়ের অভিযোগ করেন তিনি। তাঁর কথায়, আমরা এজেন্সির ভয়ে মাথা নত করি না। সিপিএম কত চক্রান্ত করেছে, সারদাকে এনেছে, কিছু হয়েছে! তবে এবার কিছু করলে উত্তর পাবে।












Click it and Unblock the Notifications