'দুর্যোধন আর দুঃশাসন' মিলে সুশাসন আনার ভাঁওতা দিচ্ছে, মোদী-শাহকে তোপ মমতার
এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুর্যোধন আর রাবণের সঙ্গে তুলনা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দেশে দুর্যোধন আর দুঃশাসনের রাজত্ব চলছে বলে বর্ণনা করেন তিনি।
এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুর্যোধন আর রাবণের সঙ্গে তুলনা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহারের রাসলীলা ময়দানে দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর সুশাসনের বার্তাকে মিথ্যাচার বলে ব্যাখ্যা করেন। দেশে দুর্যোধন আর দুঃশাসনের রাজত্ব চলছে বলে বর্ণনা করেন মমতা।

তিনি বলেন, দেশে কোনদিনই সুশাসন আনতে পারবেন না মোদীবাবু-রা। মোদীবাবুরা দুঃশাসন আনতে পারেন। কারণ এক দুর্যোধন আর আর এক দুঃশাসন মিলে তো দেশ চালাচ্ছে। তাঁরাঁ কখনও সুশাসন দিতে পারেন না। দেশকে ওই দুর্যোধন আর দুঃশাসনের নাগাল থেকে মুক্ত করতে হবে। আর তা করেই ছাড়ব।
এরপরই মমতা বলেন, রাবণের বিশাল চেহারা ছিল, বুকের ছাতি ছিল বড়। তাঁকেও হার মানতে হয়েছিল। এবার মোদীবাবুকেও হার মানতে হবে। তাঁকে হারিয়ে দেশকে রক্ষা করতে হবে আমাদেরই। তাহলেই আসবে সুশাসন। আর বাঁচবে দেশ। মমতার কথায়, মোদীকে বধিবে যে, গোকুলে বাড়িছে সে।
এদিন কোচবিহারের নির্বাচনী জনসভায় মমতা খোঁচা দেন নরেন্দ্র মোদীর পরিবার নিয়েও। মমতা বলেন, মোদীবাবুর কোনও পরিবারই নেই। না আছে ব্যক্তিগত পরিবার, না আছে দেশের পরিবার। নিজের স্ত্রীকে সম্মান দেননি, তিনি কী করে দেশের মানুষকে, মা-বোনকে সম্মান দেবেন, প্রশ্ন তোলেন মমতা।












Click it and Unblock the Notifications