বিজেপির স্বভাব তথ্য বিকৃত করা, অমিত শাহের হেলিপ্যাড-অনুমতিতে কটাক্ষ মমতার
অমিত শাহের সভা নিয়ে রাজ্য বিজেপিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের মালদহ আসা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তাতে রাজ্য বিজেপি তথ্য বিকৃত করে কুৎসা রটাচ্ছে বলে অভিযোগ মমতা।
অমিত শাহের সভা নিয়ে রাজ্য বিজেপিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের মালদহ আসা নিয়ে যে হেলিপ্যাড জটিলতা তৈরি হয়েছিল, তাতে রাজ্য বিজেপি তথ্য বিকৃত করে কুৎসা রটাচ্ছে বলে অভিযোগ মমতার। তিনি বলেন, অমিত শাহের সভা নিয়ে কোনও বিভ্রান্তি নেই। পাহাড় সফরে যাওয়ার আগে বিমানবন্দরে সাফ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বলেন, তথ্য বিকৃতি করে অপপ্রচার করছে বিজেপি। কোনও জটিলতাই তৈরি হয়নি। নিরাপত্তার সমস্ত দিক খতিয়ে দেখে প্রশাসন যা সিদ্ধান্ত নেওয়ার সেটাই নিয়েছে। আর তা নিয়ে বিজেপি কুৎসা রটাচ্ছে। কুৎসা রটানোই ওঁদের কাজ। সেটাই করছে।

প্রসঙ্গত উল্লেখ্য, মালদহে অমিত শাহের হেলিপ্যাড নিয়ে জটিলতা তৈরি হয় জেলা প্রশাসন বিমানবন্দরে হেলিকপ্টার নামার অনুমতি না দেওয়ায়। জেলা প্রশাসন কারণ হিসেবে দেখয়, মালদহের ওই বিমানবন্দরে সংস্কারের কাজ চলছে। তা বর্তমানে হেলিকপ্টার নামার অনুপযুক্ত এবং আন সেভ ফর প্যাসেঞ্জার।
মালদহের বিজেপি নেতৃত্বকে চিঠি দিয়ে অতিরিক্ত জেলাশাসক তা জানান এবং সেখানে উল্লেখ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতির নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, তাই মালদহে চপার নামানোর অনুমতি দেওয়া যাচ্ছে না। এরপর মালদহের বেসরকারি হোটেলের সামনে নারায়ণপুরে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হবে বলে জানায় বিজেপি।
তখন আবার হোটেল কর্তৃপক্ষ বেঁকে বসে। হোটেল কর্তৃপক্ষের হেলিপ্যাডে আপত্তি জানানোয় রাজ্যের বিরুদ্ধে তোপ দাগে বিজেপি। বিজেপির দাবি, এসব রাজ্য সরকারের অঙ্গুলিহেলনে করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এরপর নিজে মুখ খোলেন। তিনি জানিয়ে দেন, রাজ্য প্রশাসনের তরফে সমস্ত অনুমতি দেওয়া হয়েছে। অমিত শাহের সভার কোনও বিভ্রান্তি নেই। কোনও জটিলতা নেই। অযথা জলঘোলা করছে বিজেপি।
রাজ্য পুলিশও ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করে, নিরাপত্তার কারণেই মালদহ বিমানবন্দর ব্যবহার করতে দেওয়া হয়নি। সেই কারণেই অন্যত্র হেলিপ্যাডের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তার সমস্ত দিক খতিয়ে দেখেই বিকল্প ব্যবস্থায় অনুমতি দেওয়া হয়। যদিও রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, রাজ্য কোনও অনুমতিই দেয়নি। এমনকী সভা করার জন্য জমির অনুমতিও দেয়নি রাজ্য।












Click it and Unblock the Notifications