স্টেডিয়াম তৈরির নামে পুকুর চুরি! হতবাক মমতা, বিধায়ককে কড়া শাসানি
কাটমানি-কমিশন খেলে বরদাস্ত নয়। প্রকাশ্যেই দলীয় বিধায়ক অসিত মজুমদারকে ভর্ৎসনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কাটমানি-কমিশন খেলে বরদাস্ত নয়। প্রকাশ্যেই দলীয় বিধায়ক অসিত মজুমদারকে ভর্ৎসনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দলীয় বিধায়ককে তোপ দেগে তিনি বলেন, একটা স্টেডিয়াম করতে ১৪ কোটি টাকা লাগে? কাটমানি-কমিশন খেও না। যা ইচ্ছা বোঝানোর চেষ্টা কোরো না। দল কিন্তু তাহলে ছেড়ে কথা বলবে না। চঁচুড়ার বিধায়ককে ঢাল করে দুর্নীতি রুখতে এদিন মমতা আদতে বার্তা দিলেন দলের অন্যান্যদেরও।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, এখনও সময় আছে সাবধান হন। নেতারা ওপর চলাকি বন্ধ করুন। কাজ না করলে রাস্তা খারাপ হবেই। সেটাই হচ্ছে। আপনারা কাজ করছেন না, জবাব দিতে হবে আপনাদেরই। দলের কাছেও জবাবদিহি করতে হবে। মানুষকেও জবাব দিতে হবে।

এদিন হুগলিতে গ্রিন ইউনিভার্সিটি করা হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কোথায় বিশ্ববিদ্যালয় হবে তা আমি ঠিক করব। কোনও লবির কথায় তা ঠিক হবে না। এদিন মমতার কথায় কথায় উঠে আসে হুগলি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টিও।
এদিকে দাঙ্গা রুখতেও পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি পুলিশকে নির্দেশ দেন দাঙ্গা করলে দু'পক্ষকেই ধরে পেটান। মানুষকে ভয় দেখানো হচ্ছে এখানে। পোলবায় তোলাবাজি দৌরাত্ম্য ঠেকাতে পুলিশ সুপার সুকেশ জৈনকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমার কাছে খবর আছে- কয়েকটা ছেলে বাইরে থেকে ঢুকে ভয় দেখায়।
এ প্রসঙ্গেও তপন দাশগুপ্ত ও অসিত মজুমদারকে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, এদের বাঁচানোর যেন কোনও চেষ্টা না করে দল। মানুষকে ভয় দেখানো, জোর করে টাকা আদায় মানবেন না তিনি। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। ওঁরা যেন নিরপেক্ষভাবে কাজ করতে পারে। যথাযথ ব্যবস্থা নিতে পারে তা দেখতে হবে।
এদিন চাঁপদানির দু'টি মিউনিসিপ্যাল স্কুলকে অধিগ্রহণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তিনি এই নির্দেশ দিয়েছেন। কোন স্কুল উচ্চমাধ্যমিকে উন্নীত করার দরকার হলে, তা করে দেওয়ার কথাও বলেন তিনি।
মাহেশকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। চন্দননগরে লাইট হাব তৈরিতে উদ্যোগ নিতে বলেন তিনি। শ্রীরামপুরে গড়ে তুলতে হবে সিল্ক হাব। প্রশাসনিক বৈঠক থেকে উন্নয়ন বার্তা দেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications