মতুয়ারা সবাই নাগরিক, তাঁদের ফের লাইনে দাঁড় করাতে চাইছে বিজেপি! পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী মমতা
মতুয়াদের অধিকার নিয়ে বিজেপিকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার নামে ফাঁদে ফেলছে বিজেপি।
মতুয়াদের অধিকার নিয়ে বিজেপিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার নামে ফাঁদে ফেলছে বিজেপি। মমতার কথায়, যাঁরা নাগরিক, তাঁদের আবার কি নাগরিকত্ব দেবে। মতুয়াদের সব দিয়েছি আমি, বিজেপি এখন মতুয়াদের নিয়ে রাজনীতি করছে। সোমবার জেপি নাড্ডার অভিযোগ ফুঁকে উড়িয়ে দিলেন মমতা।

বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা
মঙ্গলবার ফের সিএএ ও প্রস্তাবিত এনআরসির প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। বিবেকানন্দের বাড়ির সামনে থেকে তিনি প্রতিবাদ মিছিল শুরু করেন। শেষ করেন বেলেঘাটায় গান্ধীভবনে। সেখানে এক সভামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে গর্জে ওঠেন মমতা। বিজেপির মতুয়া ভোটব্যাঙ্ক নিয়ে রাজনীতির যোগ্য জবাব দেন।

মতুয়ারা সবাই নাগরিক : মমতা
মমতা বলেন, মতুয়ারা সবাই নাগরিক। তাঁদের নাগরিকত্ব দেওয়ার নামে অপপ্রচার চালাচ্ছে বিজেপি। যাঁরা দেশের নাগরিক, তাঁরা আবার কেন নাগরিকত্বের পরীক্ষা দিতে লাইনে দাঁড়াবে। মমতা বলেন, বিজেপি নাগরিকত্ব দেওয়ার ফাঁদ পেতে মতুয়াদের অপমান করছে। মমতা বলেন, কেন মতুয়াদের অপমান করছেন!

‘মতুয়াদের জন্য সব করেছি আমি’
মমতা বলেন, মতুয়াদের জন্য সব করেছি আমি। প্রথম দিন থেকে মতুয়াদের পাশে রয়েছে। বড়মা যতদিন বেঁচেছিলেন, তাঁর চিকিৎসা খরচ বহন করেছি আমি, মতুয়াদের জন্য পৃথক উন্নয়ন বোর্ড গঠন করে দিয়েছি, কলেজ-বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। এখন মতুয়াদের নিয়ে দালালি করা হচ্ছে। ধর্মের নামে বিভানের রাজনীতি করছে বিজেপি।

মতুয়ারা চায় না পাঁচ বছর লাইনে দাঁড়াতে
কোনও মতুয়া ভাই-বোন চায় না পাঁচ বছর লাইনে দাঁড়াতে। তারা সবাই নাগরিক। তারা কেন আবার নাগরিকত্বের পরীক্ষা দেবে। মমতা বলেন, আমি কি আবার নাগরিকত্বের পরীক্ষার লাইনে দাঁড়াব। তাহলে কেন মতুয়ারা দাঁড়াবে। বিজেপি মতুয়াদের ফের নাগরিকত্বের লাইনে দাঁড় করাতে চাইছে।

জেপি নাড্ডার অভিযোগ
উল্লেখ্য, সোমবার বিজেপির কার্যনির্বাহী জেপি নাড্ডা কলকাতায় এসে মতুয়া ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের নাগরিকত্ব পেতে বাধা দিচ্ছেন। তাই তিনি সিএএ লাগু করতে চাইছেন না। মমতার সেই অভিযোগেরই জবাব দেন।












Click it and Unblock the Notifications