Mamata Suvendu: “যাবি না?” মমতার প্রশ্ন শুভেন্দুকে, বিরোধী দলনেতার তরফে কী উত্তর এল?
Mamata Suvendu: বাংলার রাজনীতিতে সাম্প্রতিক অতীতে দুই যুযুধান প্রতিপক্ষের সৌজন্য বিনিময় খুব কমই দেখা গিয়েছে। বরং ব্যক্তিগত আক্রমণ থেকে কুকথার স্রোতই দস্তুর। সোমবার ছিল রাজ্য বাজেট অধিবেশনের শুরুর দিন। আর বিধানসভায় এদিন মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তারপরই দেখা গেল সৌজন্যের ছবি।
একদা সহযোদ্ধা হলেও বর্তমানে একে অপরের প্রতিপক্ষ মমতা ও শুভেন্দু (Mamata Vs Suvendu)। গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিধায়ক হয়েছেন শুভেন্দু অধিকারী। পরে ভবানীপুরে জিতে মুখ্যমন্ত্রী হন মমতা। বিরোধী দলনেতার আসনে বসেন শুভেন্দু অধিকারী। এদিন বিধানসভার ইনার লবিতে মুখোমুখি হন মমতা ও শুভেন্দু।

বিধানসভায় বিরোধী দলনেতার ঘর থেকে বেরিয়ে বিধানসভার কক্ষে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে (Biman Banerjee) সঙ্গে নিয়ে বিধানসভার গেটে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে রিসিভ করতে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতা সামনে চলে এলে শুভেন্দু রাজ্যপালকে রিসিভ করতে যাবেন কিনা তা জিজ্ঞেস করেন মমতা।
সূত্রের খবর, শুভেন্দুকে মমতা প্রশ্ন করেন, "রাজ্যপালকে রিসিভ করতে যাবি না?" দুজনকে দেখে সম্মানার্থে দাঁড়িয়ে পড়েন শুভেন্দুও। পাল্টা বিরোধী দলনেতা উত্তরে বলেন, "না, যাব না।" মমতার পাশে থাকা স্পিকার বিমানকে দেখিয়ে শুভেন্দু বলেন, উনি তো আছেন। এটা তো ওঁর কাজ। প্রোটোকল তাই বলে। এই বলে বিধানসভার কক্ষে প্রবেশ করে যান বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রীও এগিয়ে যান রাজ্যপালকে রিসিভ করতে।
রাজ্যপালকে স্বাগত জানিয়ে বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল ও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও শ্রদ্ধা জানান। যদিও সেখানেও অনুপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপালের ভাষণ দিয়ে এদিন বাজেট অধিবেশন শুরু হয়। তবে বাজেটে রাজ্যপালের ভাষণ নিয়ে একাধিক আপত্তি তুলেছে বিজেপি।
সোমবার ১১ পাতার রিপোর্ট পাঠ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাতে মুখ্যমন্ত্রী মমতার প্রশংসা থেকে রাজ্যের আইনশৃঙ্খলার প্রশংসাও করেন তিনি। আর তারই বিরোধিতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পলদের। রাজ্যপালের মুখ দিয়ে রাজ্য সরকার মিথ্যা কথা বলিয়েছে বলে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী।












Click it and Unblock the Notifications