মমতা ঘনিষ্ঠ ‘নেতা’র আস্থা মুকুলে, তাঁর বিজেপিতে যোগদানে তৃণমূলে অশনি সংকেত
এককালে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ আমলাকে গেরুয়া শিবিরে ভেড়ালেন মুকুল রায়। অশনি সংকেত দিলেন তৃণমূলকে।
সবংয়ের মাটি থেকে ফের ধাক্কা তৃণমূলকে। পাঁশকুড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান আনিসুর রহমানের পর এবার এককালে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ আমলাকে গেরুয়া শিবিরে ভেড়ালেন মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রাক্তন আমলাকে দলীয় টিকিট দিয়েছিলেন মেদিনীপুর থেকে, সেই প্রাক্তন আমলা দীপক ঘোষ এখন ভরসা রাখলেন মুকুলেই। তিনি যোগ দিলেন মুকুলের পদ্ম-শিবিরে।

গত সপ্তাহের মুকুল রায় প্রথম সবং সফরে গিয়েই পাঁশকুড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে বিজেপিতে এনে তৃণমূলে ভাঙনের বার্তা দিয়েছিলেন। আরও অনেক নেতাই যে লাইন দিয়ে রয়েছেন, তাঁরাও যে বিজেপিতে আসবেন, সেই আভাসও সেদিন দিয়ে রেখেছিলেন মুকুল রায়। তবে সে অর্থে তিনি কোনও নেতাকে এখনও নিজের দলে নিয়ে যেতে পারেননি। তবে মমতাকে বার্তা দিতে তাঁর ঘনিষ্ঠ প্রাক্তন আমলাকে নিজের দলে ভেড়ালেন মুকুল।
বর্তমানে অবশ্য তৃণমূলের সঙ্গে কোনও সম্পর্ক ছিল না দীপকবাবুর। দলত্যাগের পর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত বহু কথাবার্তাও বলেছিলেন। তাঁর বইয়ে অনেক বিতর্কিত তথ্য তুলে ধরেছিলেন। সেই লেখা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছিল রাজ্য-রাজনীতিতে। এবার সেই নেতাকে গুরুত্ব দিয়ে বিজেপিতে যোগদান করালেন মুকুল রায়।

বিজেপিতে এসেই তিনি বার্তা দিয়েছেন, 'রাজ্যে পরিবর্তনের পরিবর্তনের আহ্বান জানিয়েছেন মুকুলবাবু। আমি তাঁর এই দাবিকে সমর্থন করি। যে লক্ষ্যে বাংলায় পরিবর্তন আনা হয়েছিল, সেই পরিবর্তন হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখন লক্ষ্যচ্যুত। তাই বিজেপিই পারে বাংলায় বিকল্প সরকার প্রতিষ্ঠা করতে, যা সত্যিকারের পরিবর্তন আনতে পারে।'
মুকুল রায় এদিনও বার্তা দিয়েছেন তৃণমূলের উদ্দেশ্যে। তিনি বলেছেন, 'দেখুন কী হাল হয় তৃণমূলের। জেলায় জেলায় সংগঠন ফোঁপরা হয়ে যাবে। একটা ভোট হতে দিন, তারপরই বুঝতে পারবে তৃণমূল।' শাসকদল অবশ্য মুকুলের এই হুঁশিয়ারিকে কোনও পাত্তা দিচ্ছে না। সব বাতিলদের দলে নিয়ে ভিড় বাড়ানো ছাড়া কিছুই করতে পারবেন না তিনি, এমনই অভিমত তৃণমূলের একাংশের।












Click it and Unblock the Notifications