কিছুই জানতাম না! বায়রনের তৃণমূলের যোগের বিষয় কাগজ পড়েই জানলেন মমতা
বায়রন বিশ্বাসের তৃণমূলে যোগের বিষয়ে কিছুই জানতেন না। সবটাই কাগজে পড়ে জানতে পেরেছেন বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন বায়রন। আর তাঁর দলবদলের পরেই কার্যত তোলপাড় হয়ে যায় রাজ্য-রাজনীতি। আর এই প্রসঙ্গে নাকি কিছুই জানতেন না তৃণমূল সুপ্রিমো।
আজ মঙ্গলবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর সেখানেই এই বিষয়ে জিজ্ঞেস করা হলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি এই ব্যাপারে কিছুই জানি না, কাগজে দেখেছি। তবে সবটাই স্থানীয় নেতৃত্বের ব্যাপার। ওরাই উত্তর দিতে পারবে বলেও চাঞ্চল্যকর মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধু তাই নয়, তাঁর কথায়, আমি এগুলি করি না। দলের পদ্ধতি অনুযায়ী ব্লক লেভেলে এগুলি হয়। ফলে সেখানেই এই বিষয়েই জিজ্ঞেসাবাদের কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, গত তিনমাস আগেই সাগরদিঘি উপ নির্বাচনে জয় পান বাম-কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। এরপর থেকে বারবার জোটের জয় নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি কীভাবে সাগরদিঘিতে ভোট হয়েছে তা নিয়েই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় মুখ থুবড়ে পড়েছে সাগরদিঘি মডেল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ জয়ী বিধায়ক বায়রনের। আর এরপর থেকেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
বিশেষ করে লোকসভা নির্বাচনের আগে জোট নিয়ে জোর চর্চা চলছে তখন কংগ্রেস বিধায়কের তৃণমূলে যোগ নানা প্রশ্ন তুলে দিয়েছে। এমনকি কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন এআইসিসির সাধারণ সম্পাদক তথা কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ। তিনি বলেছেন, তৃণমূলের এই কাজ কেবল বিজেপির উদ্দেশ্যকেই পূরণ করবে।

টুইটে জয়রাম রমেশ বলেছেন, তিন মাস আগে সাগরদিঘিতে কংগ্রেসের ঐতিহাসিক বিজয়ের পরে বায়রন বিশ্বাসকে লোভ দেখিয়ে দলে টেনেছে তৃণমূল কংগ্রেস। এটা সাগরদিঘির মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা বলেও মন্তব্য করেছেন তিনি। আগে এই ধরনের দলবদল গোয়া, মেঘালয় এবং ত্রিপুরায় হয়েছে বলেও স্মরণ করিয়েছেন তিনি। আর বিষয়টিকে তুলে ধরেই মমতার মত, জাতীয় ক্ষেত্রে আমরা এক। কিন্তু রাজ্যের ক্ষেত্রে বেশ কিছু বাধার কথা বলেন তিনি। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications