বিজেপির শেষ কলস ডুবিয়ে দেবে ‘একুশের বাংলা’, আপের জয়ে ‘নিশ্চিন্ত’ মমতার জোরালো হুঙ্কার
বিজেপির শেষ কলস ডুবিয়ে দেবে ‘একুশের বাংলা’, আপের জয়ে ‘নিশ্চিন্ত’ মমতার হুঙ্কার
একের পর এক রাজ্যে বিজেপির হার হচ্ছে। ২০১৯-এর লোকসভা ভোটে বিজেপি বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় এলেও রাজ্যে রাজ্যে ধরাশায়ী হতে হচ্ছে বিরোধী শক্তির কাছে। মহারাষ্ট্র-ঝাড়খণ্ডের পর দিল্লির ভোটে ভরাডুবি হওয়ায় এবার হুঙ্কার ছাড়লেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বার্তা একুশের বিধানসভায় এই বাংলা বিজেপির শেষ কলস ডুবিয়ে দেবে।

দিল্লিতে বিজেপির ভরাডুবির পর মমতা
এদিন সকালে ইভিএম খুলতেই স্পষ্ট হয়ে যায় দিল্লি বিধানসভা ভোটে কেজরিওয়ালের হ্যাটট্রিক স্রেফ সময়ের অপেক্ষা। বিজেপির কার্যত ভরাডুবি হয়। এই অবস্থায় আপের জয়ের পথ পরিষ্কার হতেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা পাঠান অরবিন্দ কেজরিওয়ালকে। একইসঙ্গে তিনি বাঁকুড়ার মঞ্চ থেকে বিজেপির উদ্দেশ্যে হুঙ্কার ছাড়েন।

শেষ কলসটা ডুবিয়ে দেবে একুশের বাংলা
মমতা বলেন, এখন তো গোটা দেশে বিজেপিকে উত্তরপ্রদেশ, গুজরাট আর কর্ণাটক ছাড়া কোনও বড় রাজ্যে দেখা যাচ্ছে না। রাজধানীর ভোটেও অপ্রাসঙ্গিক হতে বসেছে বিজেপি। আর বাংলার দিকে নজর দিয়েছে এখন। নিশ্চিত করেই বলতে পারি, বিজেপির শেষ কলসটা ডুবিয়ে দেবে একুশের বাংলা।

ধপাস-ধূম, ভোকাট্টা হয়ে যাচ্ছে বিজেপি
২০১৯-এর লোকসভা নির্বাচনের আগেও রাজ্য রাজ্যে হারছিল বিজেপি। পরেও হারছে। মহারাষ্ট্র হারাতে হয়েছে। ঝাড়খণ্ডে হেরেছে। কোনওরকমে হরিয়ানায় ক্ষমতা ধরে রেখেছে ম্যানেজ করে। যেখানে ভোট হচ্ছে, সেখানেই ধপাস-ধূম, ভোকাট্টা হয়ে যাচ্ছে বিজেপি। দিল্লিতেও হারল। হারবে বাংলাতেও।

বিদ্বেষ-হিংসা ছড়িয়ে জেতা যায় না
মমতা বলেন, কখনও বিদ্বেষ ছড়িয়ে। হিংসার আশ্রয় নিয়ে, কুৎসা-অপপ্রচার করে জেতা যায় না। দিল্লিতে গণতন্ত্রের জয় হয়েছে। দিল্লির মানুষ প্রমাণ করে দিয়েছে যাঁরা প্রতিবাদ করলেই তাঁদের মধ্যে জঙ্গি দেখে, সন্ত্রাসবাদী ভাবে, তাঁদের কোনও স্থান নেই দিল্লিবাসীর মনে। বিজেপিকে তাই ধুয়েমুছে সাফ করে দিয়েছে দিল্লি থেকে।












Click it and Unblock the Notifications