রাজনীতি ছাড়ার চ্যালেঞ্জ দিয়ে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রী মমতার
বীরভূমের রামপুরহাটে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে বিজেপিকে সরাসরি আক্রমণ করে চ্যালেঞ্জ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বীরভূমের রামপুরহাটে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে বিজেপিকে সরাসরি আক্রমণ করে চ্যালেঞ্জ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিজেপি বাংলার পথ-ঘাট চেনে না, সংষ্কৃতি বোঝে না। বাংলায় রাজনীতি করার নামে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। বিজেপি অভিযোগ করেছে, বাংলায় দুর্গাপুজো সহ অন্যান্য পুজো হয় না। এটা সর্বৈব মিথ্যা। যদি এটা বিজেপির নেতারা প্রমাণ করতে পারেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। যদি না করতে পারেন তাহলে ওদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত বলে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।

বিজেপিকে আক্রমণ
মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাংলায় বিজেপি অরাজকতা তৈরির চেষ্টা করছে। কথা না শুনলে ভয় দেখাচ্ছে। সিবিআই লেলিয়ে দিচ্ছে। বাংলার বিভিন্ন পুজো কমিটিকে যে অনুদান বাবদ ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল তা নিয়ে আয়করের নোটিশ পাঠিয়েছে ৪০টি কমিটিকে।

আয়ুষ্মান নিয়ে তোপ
আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়েও কেন্দ্রকে তোপ দেগে মমতা বলেন, বাংলার সরকার এখানকার নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা দেয়। আর ব্যাঙ্ক ও পোস্ট অফিসকে কাজে লাগিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার তাঁদের প্রচার চালাচ্ছে।

কৃষক ইস্যুতে তোপ
কৃষকদের বীমার টাকাও রাজ্য সরকার দিচ্ছে। অথচ কেন্দ্র তা নিজেদের বলে দাবি করছে। এই নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ করে মমতা বলেন, ক্ষমতা থাকলে আমার গর্দান কেটে নিক সরকার। এমনকী কৃষকদের ভাতা বাড়ানো ছাড়াও জমির মিউটেশন ফ্রি করে দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর অভিযোগ
মমতার অভিযোগ, বাংলায় পুজো কমিটিগুলিকে আয়করের নোটিশ দেওয়া হয়েছে। আদালতে বিজেপি মামলা করেছে। অন্য রাজ্যে এমনটা করতে বিজেপি পারবে না। বাংলাকে হিংসে করে বলে এখানে বারবার আক্রমণ করার চেষ্টা চলছে। এরপরই মমতা চ্যালেঞ্জ করে বলেন. যদি প্রমাণ করতে পারেন বাংলায় পুজো হয় না তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। আর না পারলে আপনারা ছেড়ে দেন।












Click it and Unblock the Notifications