ওয়ান নেশন ওয়ান ইলেকশন বৈঠকে যোগ দেবেন না, দিল্লি সফর বাতিল করলেন মমতা
দিল্লি যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী কাল দিল্লিতে ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিষয়ে বৈঠক রয়েছে। সেখানেই বাংলা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত হওয়ার কথা ছিল। একদম শেষ লগ্নে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন তিনি বৈঠকে উপস্থিত থাকছেন না।
আজ সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক ছিল। সন্ধ্যাবেলায় কলকাতা বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রীর দিল্লি উড়ে যাওয়ার কথা। কিন্তু নবান্ন থেকেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, তিনি আজ আর দিল্লি যাচ্ছেন না। তিনি দিল্লি সফর বাতিল করলেন। কিন্তু কেন তিনি দিল্লি সফর বাতিল করলেন? সেই প্রশ্ন উঠেছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ৮ তারিখ রাজ্য বাজেট পেশ হওয়ার কথা রয়েছে বিধানসভায়। হাতে আর মাত্র দুদিন সময় রয়েছে। সে কারণেই তিনি এবার আর দিল্লি যাচ্ছেন না। তাঁর বদলে বৈঠকের প্রতিনিধিত্ব করবেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিষয় নিয়ে দিল্লিতে বৈঠক ডাকা হয়েছে। সব রাজ্যের প্রতিনিধি দল উপস্থিত থাকবেন সেখানে। তাদের মতামত নেওয়া হবে বলে খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিষয়ে কোনওভাবেই সম্মতি প্রকাশ করছেন না। তিনি এই ভোটের বিরুদ্ধে।
বিজেপি সরকার দেশে একনায়কতন্ত্র কায়েম করার চেষ্টা করছে। সে কারণেই এই ভোট নিয়ম চালু করা হচ্ছে। আমেরিকার নির্বাচন প্রক্রিয়া এ দেশে নিয়ে আসার চেষ্টা হচ্ছে। এর আগে এমনই বক্তব্য রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি রেড রোডে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ধর্না কর্মসূচি নিয়েছিলেন। সেই সময় তিনি জানিয়েছিলেন দিল্লিতে যাবেন তিনি। বৈঠকে অংশ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছিল, আজ সোমবার সন্ধ্যায় দিল্লি উড়ে যাবেন মুখ্যমন্ত্রী। রাতে দিল্লিতে তিনি থাকবেন। আগামী কাল দুপুরে বৈঠকে উপস্থিত হবেন। সন্ধ্যাবেলায় দিল্লি থেকে বিমান ধরবেন তিনি। রাতেই কলকাতায় এসে পৌঁছবেন। আলাদা করে কারও সঙ্গে দেখা করার কর্মসূচি এবার ছিল না।
তবে এবার শেষ পর্যায়ে এই কর্মসূচি তিনি বাতিল করলেন। বাজেট অধিবেশন দুদিন পরে। সে কারণেই তিনি এখানে ব্যস্ত থাকবেন। সে কথাই জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications