ঋণভারেও পুজোর বাংলায় গিফটের বন্যা বইয়ে দিলেন মমতা, সমালোচনাও জোরকদমে
যখন ঋণের ভারে ধুঁকছে রাজ্য, তখন ফের পুজোর বাংলায় দুর্গাপুজো কমিটিগুলিকে ‘গিফট’ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই ভূমিকায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে দেশজুড়ে।
যখন ঋণের ভারে ধুঁকছে রাজ্য, তখন ফের পুজোর বাংলায় দুর্গাপুজো কমিটিগুলিকে 'গিফট' দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই ভূমিকায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে দেশজুড়ে। গতবারের থেকেও আড়াই গুণ অনুদান বৃদ্ধিতে কোমর বেঁধে সমালোচনায় নেমেছে বিরোধীরা। সংখ্যালঘু তোষণের অভিযোগ ওড়াতে গিয়ে তিনি রাজ্যকে আরও কাদায় ফেললেন বলেই অভিযোগ।

২০১৯ লোকসভা নির্বাচনে মুখ খুবড়ে পড়েছে দল। তারপর ধীরে ধীরে ফের সব গুছিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে বিধানসভা নির্বাচন। তার আগে গুছিয়ে নিতে গিয়ে বড় ভুল করে ফেললেন না তো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের অন্দরেই প্রশ্ব উঠছে, গতবার পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া শুরু করেছিলেন মমতা। সেটাই বজায় রাখলেই হত, খামোকা তা বাড়িয়ে আড়াই গুণ করা হল কেন?
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি সংখ্যালঘু তোষণের অভিযোগ তোলে প্রায়শই। সেই অভিযোগ মুছে ফেলতে বদ্ধপরিকর মমতা বন্দ্যোপাধ্যায়। সমানে তিনি প্রচার চালিয়ে গিয়েছেন, সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন। তবু গা থেকে সংখ্যালঘু তোষণের অভিযোগ ঝেড়ে ফেলতে পারেননি তিনি।
এবার সেই লক্ষ্যেই কি তিনি পুজো কমিটিগুলিকে দেদার অনুদান ঘোষণা করলেন। পুজো কমিটিগুলিকে আয়কর দফতরের স্ক্যানারে ফেলা হয়েছে। তা যে কেয়ার করেন বা মমতা, তা বোঝানোও কি এই অনুদান ঘোষণার অন্যতম কারণ, তা নিয়েই চলছে কাটাছেঁড়া।
মোটকথা উপহারের ডালি সাজিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। রাজ্যের সমস্ত পুজো কমিটিকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন। গতবার ১০ হাজার টাকা করে প্রত্যেক পুজো কমিটিগুলিকে অনুদান দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অনুদানের মাত্রা তিনি বাড়ালেন আড়াইগুন।
শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি ঘোষণা করেন, পুজো কমিটিগুলোকে এবার ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। সেইসঙ্গে বিদ্যুৎ বিলে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে। একইসঙ্গে অন্যান্য পুর-পরিষেবাও পুজো কমিটিগুলি বিনামূল্যে পাবে। পুরসভা কোনও কর নেবে না, জল বিনামূল্যে দেওয়া হবে, বিজ্ঞাপনের জন্যও কোনও কর নেওয়া হবে না।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দুর্গাপুজোর যে 'উপহার' ঘোষণা করেছেন, তাতে রাজ্যের কোষাগার থেকে ব্যয় হবে ৭০ কোটি টাকা। এখন কলকাতায় প্রায় ৩,০০০ দুর্গা পুজো হয়। বাংলার অন্যত্র হয় ২৫,০০০ দুর্গা পুজো। এই ২৮,০০০ দুর্গা পুজো কমিটির প্রত্যেককে ২৫ হাজার টাকা 'গিফট' দিতে ওই টাকা খরচ হবে।












Click it and Unblock the Notifications