ফোন করে ‘দিদিকে বলুন’ সরাসরি, তৃণমূলকে জনসংযোগের নতুন পাঠ দিলেন মমতা
লোকসভায় ধাক্কা খেয়েছেন। তা থেকে শিক্ষা নিয়েই ফের ফিরে আসার পথ সুগম করতে জনসংযোগ কর্মসূচি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস।
লোকসভায় ধাক্কা খেয়েছেন। তা থেকে শিক্ষা নিয়েই ফের ফিরে আসার পথ সুগম করতে জনসংযোগ কর্মসূচি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই জনসংযোগ কর্মসূচির প্রধান অঙ্গ হিসেবে 'দিদিকে বলো' অভিযানের সূচনা করে দিলেন। 'দিদিকে বলো' অভিযানে যেমন ফোন করতে পারবেন, তেমনই ওয়েবসাইটেও জানাতে পারবেন অভাব-অভিযোগ।

ফোন করে দিদিকে বলো
সোমবার নজরুল মঞ্চে এক অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন বাংলার মানুষ তাঁর এলাকার সমস্যা জানাতে পারেন ফোন করে। ‘দিদিকে বলো' অভিযানে সাধারণ মানুষ ফোন করতে পারবেন ৯১৩৭০৯১৩৭০ নম্বরে।

‘দিদিকে বলো ডট কম’
একইসঙ্গে ওয়েবসাইটে অভিযোগ জানাতে পারবেন। লিখিত অভিযোগ জানাতে যেতে হবে ‘দিদিকে বলো ডট কম'-এ। ওয়েবসাইটটি হল- didikebolo.com। মমতা বলেন, কোনও অভাব-অভিযোগ থাকলে ফোন করে জানাতে পারেন। আপনাদের মতামত জানাতে পারেন এই নম্বরে।

মানুষ নিজের কথা বলবে
মমতার কথায়, মানুষ নিজের কথা বলতে পারবে। সমস্যার কথা জানাতে পারবে। অভাব-অভিযোগ করতে পারবে। আর আমি চেষ্টা করব, তাদের সমস্যা মেটাতে। হয়তো সব করতে পারব না, তবে যতটা সম্ভব করব। তবে একটা অনুরোধ, যাঁরা ফোন করবেন, আপনার এবং আপনার এলাকার সমস্যাই বলবেন।

গ্রামে ঘুরে জনসংযোগ
মমতা জনসংযোগ বাড়তে আরও একটি অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন। মমতা বলেন, ১০ হাজারেরও বেশি গ্রামে যাবেন তৃণমূল নেতারা। হাজার খানেক নেতা গ্রামে গ্রামে ঘুরবেন। প্রয়োজনে গ্রামে থাকবেন রাতে, গ্রামবাসীদের সঙ্গে খাওয়াদাওয়া করবেন।

তৃণমূলের লোগো বদল
মুখ্যমন্ত্রী বলেন, সংগঠনকে শক্তিশালী করার জন্য এ ধরনের নানা কর্মসূচি নিয়েছে তৃণমূল। এদিন নতুন লোগোরও উদ্বোধন করেছে তৃণমূল। মমতা জানিয়েছেন, ভোটের সময়ে আর এমনই সময়ের মধ্যে ফারাক রয়েছে। তাই ভোটের সময়ের লোগো পরিবর্তন করে নতুন লোগো আনা হয়েছে।

হোলটাইমার নিয়োগ নয়
একইসঙ্গে তিনি জামিয়েছেন, কোনও হোলটাইমার নিয়োগ হচ্ছে না। কিছু কিছু সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। আমাদের সঙ্গে কথা না বলেই এই খবর করা হয়েছে। আমরা হোলটাইমার রাখছি না। কারণ হোলটাইমার রাখার পয়সা আমাদের নেই। সবাই তো বিজেপির মতো বড় পার্টি নয়। হোলটাইমার বা পার্ট টাইমার রাখার সামর্থ কোথায় আমাদের!












Click it and Unblock the Notifications