ভালো কাজ করলে সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল পদে নিয়োগ, ঘোষণা মমতার
সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর। ভালো কাজ করলে কনস্টেবল হিসেবে নিয়োগ পেতে পারেন একজন সিভিক ভলেন্টিয়ার।
বাঁকু়ড়া, ৫ এপ্রিল : সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর। ভালো কাজ করলে কনস্টেবল হিসেবে নিয়োগ পেতে পারেন একজন সিভিক ভলেন্টিয়ার। বাঁকুড়ার জনসভা থেকে ঘোষণা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেইসঙ্গে সিভিক ভলেন্টিয়ারদের আশ্বাস দিলেন, ৬০ বছর পর্যন্ত চাকরি বহাল থাকবে তাদের। চাকরি হারানোর কোনও সম্ভাবনা নেই। সিভিক ভলেন্টিয়ারদের পাশাপাশি আশা কর্মীদের কাজ নিয়েও আবার নিশ্চয়তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন মমতা বলেন, সিভিক ভলেন্টিয়ারদের কাজ নিয়ে অনিশ্চয়তায় ভোগার কিছু নেই। ৬০ বছর পর্যন্ত চাকরি করতে পারবেন তাঁরা। ভালো করে কাজ করলে পুরস্কারও মিলবে। তাঁর সরকার সিদ্ধান্ত নিয়েছে, ভালো কাজের ভিত্তিতে কনস্টেবল পদে ১০ শতাংশ সিভিক ভলেন্টিয়ারকে নিযুক্ত করা হবে।
এদিন বাঁকুড়ার জন্যও দরাজ হস্ত মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাঁকুড়ার ছেলেময়েরা পড়াশোনায় খুব ভালো। সেই কারণে এই জেলায় বিশ্ববিদ্যালয় করা হচ্ছে। শিক্ষার উন্নয়নে বরাদ্দ বাড়িয়েছি। কৃষি উন্নয়নের কাজ হচ্ছে বাঁকুড়ায়। বাঁকুড়ায় মেডিকেল কলেজও হয়েছে। অর্গানিক ফার্মিং-এর ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ঘোষণা করেন, হাতির পদপিষ্ট হয়ে মৃত্যু হলে, সেই পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। মাছচাষির জন্য বড় দিঘি করে দেওয়া হবে। পুজোর আগেই জেলার লোকশিল্পীরা পেনশন পাবেন বলেও নিশ্চিৎ করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, কামারপুকুর-জয়রামবাটি নিয়ে কোনও আপোশ করা হবে না।












Click it and Unblock the Notifications