পিকের ‘গান্ধী-যোগে’ গভীর চিন্তায় মমতা-অভিষেক, ২০২৪-এর আগে কি বদলাচ্ছে সমীকরণ
পিকের ‘গান্ধী-যোগে’ গভীর চিন্তায় মমতা-অভিষেক, ২০২৪-এর আগে কি বদলাচ্ছে সমীকরণ
২০২৪-এর লোকসভা নির্বাচন এখনও তিন বছর দূরে। এখন থেকেই কি সলতে পাকানোর কাজ শুরু হয়ে গেল। ২০২৪-এ নরেন্দ্র মোদীর সরকারকে উৎখাত করতে বিরোধী ঐক্য গড়ে তোলায় জোর দিয়েছিলেন প্রশান্ত কিশোর। কিন্তু রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে বৈঠকের পর তৃণমূলও নড়েচড়ে বসল।

পিকের পদক্ষেপে জোর ধাক্কা খাবে তৃণমূলের পরিকল্পনা
প্রশান্ত কিশোর-রাহুল গান্ধীর বৈঠকের পর থেকেই জল্পনা বেড়ে চলেছে। প্রশান্ত কিশোর কংগ্রেসে যোগ দিতে পারেন এই জল্পনা তৈরি হতেই তড়িঘড়ি বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশান্ত কিশোরকে ২০২৬ সাল পর্যন্ত ভোট কৌশলীর দায়িত্ব দিয়েছে তৃণমূল। তিনি যদি অন্য পথে পা বাড়ান, তবে জোর ধাক্কা খাবে তৃণমূলের পরিকল্পনা।

প্রশান্ত কিশোরের সঙ্গে রাহুল-প্রিয়াঙ্কার বৈঠকে জল্পনা
প্রশান্ত কিশোরের হঠাৎ রাহুল গান্ধীর বাসভবনে হাজির হওয়া এবং দীর্ঘসময় ধরে রূদ্ধদ্বার বৈঠকের পর রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করছে, শুধু পঞ্জাব-উত্তরপ্রদেশ নিয়ে নয়, প্রশান্ত কিশোরের সঙ্গে রাহুল-প্রিয়াঙ্কার বৈঠক হয়েছে ২০২৪-এর লোকসভা ভোটের স্ট্র্যাটেজি নিয়েও।

কংগ্রেস ও প্রশান্ত কিশোরের সমীকরণ বদলাচ্ছে ২৪-এর আগে
রাজনৈতিক মহলে জল্পনা, রাহুল গান্ধী চাইছেন প্রশান্ত কিশোরকে নিয়ে ২০২৪-এর লোকসভা ভোটে নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে। আর প্রশান্ত কিশোর কয়েকিন আগেই জানিয়েছেন, কংগ্রেস ছাড়া বিরোধী ঐক্য গড়ে তোলা অসম্ভব। ফলে কংগ্রেস ও প্রশান্ত কিশোরের সমীকরণ যে বদলাচ্ছে তা স্পষ্ট হচ্ছে একের পর এক পদক্ষেপে।

প্রশান্ত কিশোর কংগ্রেসকে তুলে ধরছেন বিজেপি বিরোধিতায়
প্রশান্ত কিশোর যদি কংগ্রেসে যোগ না দিলেও গান্ধীদের সঙ্গে যোগসূত্র রখে মোদী বিরোধী জোটের প্রস্তাবনা তৈরি করেন, তবে কী হবে তৃণমূলের ভবিষ্যৎ! তৃণমূল চাইছে মোদী বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরতে। কিন্তু যেভাবে প্রশান্ত কিশোর কংগ্রেসকে তুলে ধরছেন বিজেপি বিরোধী দল হিসেবে, তাতে মমতা ও তৃণমূলের ভাবনা ধাক্কা খেতে বাধ্য।

প্রশান্ত কিশোরের পদক্ষেপে তৃণমূলে নতুন করে উদয় হল চিন্তার
তৃণমূল কংগ্রেস ২০২৬ সাল পর্যন্ত প্রশান্ত কিশোরকে ভোট কৌশলী রেখে পরিকল্পনা সাজিয়েছে। আসন্ন লোকসভা ভোটে তাঁর পরিকল্পনা মতোই সর্বভারতীয় ক্ষেত্রে নিজেদের গুরুত্ব বৃদ্ধিতে জোর দিয়েছে। অভিষেকের নেতৃত্বে বিভিন্ন রাজ্যে সংগঠন বাড়ানোর কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। কিন্তু প্রশান্ত কিশোরের পদক্ষেপে তৃণমূলে নতুন করে উদয় হল চিন্তার।

২০২৪-এ মোদী সরকারকে হৃটানোই মূল লক্ষ্য পিকের
তৃণমূল প্রশান্ত কিশোরকে রাজ্যসভায় পাঠানোর পরিকল্পনাও করেছিল। তাহলে তৃণমূলের সঙ্গে প্রশান্ত কিশোরকে বেঁধে রাখা যেত। তৃণমূল ভেবেছিল রাজ্যসভার দুটি আসনে যশবন্ত সিনহা ও প্রশান্ত কিশোরকে পাঠাতে। কিন্তু তা হয়নি, প্রশান্ত কিশোর রাজ্যসভায় প্রার্থী হতে চাননি। তাঁর লক্ষ্য যে ২০২৪-এ মোদী সরকারকে হৃটানো, তার পরিকল্পনাই করে চলেছেন পিকে। বদলাচ্ছে সমীকরণও।












Click it and Unblock the Notifications