ভোটার লিস্ট কারা তৈরি করছে জানেন? একের পর এক চাঞ্চল্যকর দাবি মমতার, হতবাক সকলে
কৃষ্ণনগরের জনসভা থেকে খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার আগেই তীব্র সতর্ক বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এনুমারেশন ফর্মের তথ্য আপলোড করার সময়সীমা শেষ হয়ে গেলেও রাজনৈতিক আবহ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি পরিকল্পনা করে ভোটার তালিকা থেকে অনেক মানুষের নাম বাদ দিতে চাইছে। তাঁর কথায়, "যদি ভোটার তালিকা থেকে কোনও বৈধ ভোটারের নাম বাদ পড়ে, তাহলে আমি নিজে ধর্নায় বসব। তালিকায় নাম না তোলা পর্যন্ত আমি সেখানেই থাকব।"
তিনি দাবি করেন যে, বিভিন্ন সংস্থা এবং প্রশাসনিক স্তরে বিজেপির প্রভাব খাটানো হচ্ছে। এমনকি নির্বাচন কমিশনও নাকি বিজেপির অভিযোগকে ভিত্তি করেই সমস্ত সিদ্ধান্ত নিচ্ছে।
এছাড়াও তিনি বিজেপির 'আইটি সেল'-এর ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন তোলেন। তিনি প্রশ্ন করেন, "বিজেপির আইটি সেল কী তাহলে ভোটার তালিকা বানাবে? এটাই কী ওদের পরিকল্পনা? বিজেপি চিঠি দিলেই কী তালিকা থেকে নাম কেটে দেওয়া হবে? মাথায় রাখবেন, বিহার পারেনি কিন্তু বাংলা পারবে।" তাঁর দাবি, বিজেপি যতই চাপ দিক না কেন বাংলার মানুষ চুপ করে থাকবে না।
মমতার আরও অভিযোগ করেন যে, দিল্লি থেকে বিশেষ দল পাঠিয়ে জেলার কর্তাদের ওপর কড়াকড়ি নজরদারি চালানো হচ্ছে। ভোটার তালিকা থেকে প্রায় দেড় কোটি নাম বাদ দেওয়ার চাপ তৈরি করা হয়েছে। নাম বাদ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, "বাংলাকে ভয় দেখানো যায় না। বাংলা কারও কাছে ভিক্ষা চায় না। অন্যায় হলে আমরা লড়াই করব।"
এদিন বিজেপিকে আক্রমণ করতে গিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যে 'চামচাগিরি', 'দালালি'-র মতো শব্দগুলি উঠে এসেছে ৷ তবে, প্রশাসনিক সভার সৌজন্য বজায় রাখার জন্য তিনি তা পরে প্রত্যাহারও করে নিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে, পুরো দেশকে বিজেপির সাম্রাজ্যে পরিণত করার চেষ্টা চালানো হচ্ছে। আর SIR এর মাধ্যমে আর সেই কাজে এখন নির্বাচন কমিশন সাহায্য করছে।












Click it and Unblock the Notifications