21st July: মমতার কড়া বার্তায় তৃণমূলে ঝাঁকুনি আসন্ন, অভিষেকের কথা মিললেই তোলপাড় হবে বাংলা
21st July: একুশে জুলাইয়ের সভামঞ্চ থেকে এবার দলীয় কর্মসূচি ঘোষণা করেননি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তাঁর বক্তব্যে তাৎপর্যপূর্ণ অংশ হলো, জনপ্রতিনিধি ও দলের নেতা-কর্মীদের প্রতি বার্তা।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানিয়ে দিলেন, সংগঠনের কাজ থেকে নিজেকে সরিয়ে রেখে কোন বড় কাজ তিনি সেরে ফেলেছেন।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের সব স্তরের জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, দল যেন কোনও অভিযোগ না পায়। পেলেই অ্যাকশন নেব। গরিব থাকুন, যা আছে ঘরে তাতেই সন্তুষ্ট থাকুন। লোভের দরকার নেই। লোভী হতে চাই না, মানুষের বন্ধু হতে চাই। এই কাজ করলে আপনাদের কেউ সরাতে পারবে না।
মমতার কথায়, আমি তৃণমূলকেও ছাড়ি না। গ্রেফতার করি। অন্যায় সহ্য করবেন না। সামাজিক বন্ধু হতে হবে, বিবেকবান চাই, বিত্তবান নয়। পয়সা আসে, চলে যায় সেবার বিকল্প নেই। মানুষের কাছে গিয়ে কাজ করে দেব। নিজে গিয়ে দরখাস্ত লিখে দেব। গাড়ির চেয়ে হাঁটা ভালো, গাড়ি ছেড়ে সাইকেলে বা স্কুটারে চেপে মানুষের জন্য কাজ করার ডাক দেন মমতা।
অভিষেক বলেন, যারা বলেছিল এবার তৃণমূল ডায়মন্ড হারবার থেকে তিন নম্বর হবে তাদের বাড়া ভাতে ছাই পড়েছেন। আমাকে ৭,১০,৯০০ ভোটে জিতিয়েছেন যাঁরা তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। লড়াই থেকে, এক ছটাক জায়গা থেকে সরে আসিনি। এক ইঞ্চি জমি ছাড়ব না। আরও বৃহত্তর লড়াই সামনে।
ছাব্বিশের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে অভিষেক বলেন, পুরসভা ও পঞ্চায়েতের দায়িত্বে থাকা সকলকে কর্মীদের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। নির্বাচনের আগে পর্যালোচনা বৈঠক করতে গিয়ে বলে এসেছিলাম, দলে কার কী ভূমিকা তা খতিয়ে দেখবে, পর্যালোচনা করে দেখবে দল।
পুরসভা নির্বাচনে বা পঞ্চায়েত নির্বাচনে নিজের জন্য খাটবেন আর অন্য নির্বাচনগুলিতে দলের জন্য খাটবেন না, এমন মনোভাব যাঁদের রয়েছে তাঁদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় কেউ থাকুন না কেন, স্পষ্ট বার্তা অভিষেকের।
অভিষেক বলেন, গত এক, দেড় মাস রাজনৈতিক কর্মসূচিতে আমাকে আপনারা দেখেননি। পর্যালোচনার কাজে ব্যস্ত ছিলাম। তিন মাসের মধ্যে ফল দেখবেন। আমি এক কথার ছেলে, কথা দিয়ে কথা রাখি।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, যাঁরা একুশের নির্বাচনের আগে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, দম বন্ধ হয়ে আসছে বলে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন তাঁদের কয়েকজনকে ফেরানো হয়েছে। কিন্তু বলেছিলাম, যাঁরা দলে ঢুকছেন তৃণমূলের সৈনিকদের উপর ছড়ি ঘোরাতে দেব না। তিন বছরে আজ পর্যন্ত তাঁরা তা পারেননি।












Click it and Unblock the Notifications