মালদা দক্ষিণ আসনে তৃণমূল কি এবার কংগ্রেসকে ভিটেছাড়া করতে পারবে?
বাংলায় কংগ্রেসের এখন ঘোর দুর্দিন। লোকসভা আসনের সংখ্যা কমে এখন ঠেকেছে মাত্র চারটিতে।
বাংলায় কংগ্রেসের এখন ঘোর দুর্দিন। লোকসভা আসনের সংখ্যা কমে এখন ঠেকেছে মাত্র চারটিতে। এর মধ্যে মালদাতে, যা শতাব্দী-প্রাচীন দলটির অন্যতম বড় দূর্গ পশ্চিমবঙ্গে -- গত পঞ্চায়েত নির্বাচনে প্রতিপক্ষরা বেশ বড়সড় কামড় বসিয়েছে। পাশাপাশি, মালদার প্রয়াত প্রবাদপ্রতিম নেতা গনি খান চৌধুরীর ভাইঝি মৌসম বেনজির নূর এবারে শাসকদল তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়াতে কংগ্রেস সমর্থকদের চিন্তার ভাঁজ বেড়েছে। কংগ্রেসের হয়ে মালদা উত্তর আসনটিতে লড়ছেন গনি খানের ভাইপো ইশা খান চৌধুরী।
পুনর্বিন্যাসের পর মালদাতে দু'টি আসন এখন। উত্তর এবং দক্ষিণ। এবং মৌসুমকে কেন্দ্র করে উত্তর মালদা ঘিরে উত্তেজনা বেশি থাকলেও মালদা দক্ষিণ আসনটিকে ধরে রাখতেও মরিয়া কংগ্রেস। এই আসনে দু'বারেই জিতেছেন ইশার পিতা অর্থাৎ গনি খানের ভাই আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালু। ২০০৯ সালে ডালু তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম-এর আব্দুর রাজ্জাককে ১ লক্ষ ৩৬,০০০ ভোটে হারালেও ২০১৪ সালে সেই ব্যবধান কমে আসে ১ লক্ষ ৯২,০০০-এ। সেবার ডালুর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির বিষ্ণুপদ রায়।

তৃণমূল ফের দাঁড় করিয়েছে মোয়াজ্জেম হোসেনকে
এবারে তৃণমূল এই কেন্দ্রে তাঁদের গতবারের বিজিত প্রার্থী মোয়াজ্জেম হোসেনকে ফের দাঁড় করিয়েছে। পেশায় ডাক্তার মোয়াজ্জেম গত বিধানসভা নির্বাচনেও জিততে পারেননি মালদা জেলার মালতীপুর থেকে; পান তৃতীয় স্থান। গত লোকসভা নির্বাচনে, তাঁর স্থান ছিল চতুর্থ। মোয়াজ্জেমের প্রতি তাও দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা অটুট দেখে অনেক মহল থেকে বিস্ময় প্রকাশ করা হলেও মোয়াজ্জেম যে নেত্রীর বিশেষ স্নেহভাজন, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

কংগ্রেস গড় বাঁচাতে মরিয়া
গতবছর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের ভিত্তি কেঁপে যাওয়ার পরে তারাও এখন মরিয়া নিজেদের গড় ধরে রাখতে কারণ তাদের পুরোনো গড় হাতছাড়া হয়ে গেলে পশ্চিমবঙ্গে কংগ্রেসের অস্তিত্বই সংকটে পড়ে যাবে। তাই ডালু ইতিমধ্যেই দিল্লি গিয়ে নির্বাচন কমিশনের কাছে গিয়ে আবেদন করেছেন আরও বেশি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন করার জন্যে কারণ তাঁর আশঙ্কা এবারের নির্বাচনে তৃণমূল ব্যাপক রিগিং করে জিতবে যদিও তৃণমূল সে অভিযোগ নস্যাৎ করে বলেছে ডালু কংগ্রেসের হারের কথা ভেবে আগেভাগে অভিযোগ আনছেন।

বিজেপির ঘরে প্রার্থী চয়ন নিয়ে চলছে চূড়ান্ত কোন্দল
বিজেপির তরফে মালদা দক্ষিণে এবারে দাঁড়িয়েছেন শ্রীরূপা মিত্র চৌধুরী যিনি অতীতে তৃণমূলে ছিলেন। মালদার দু'টি আসনেই বিজেপির প্রার্থী চয়ন নিয়ে দলের মধ্যে তৈরী হয়েছে তুমুল অশান্তি কারণ বহিরাগতদের টিকিট দেওয়া নিয়ে হতাশ দীর্ঘদিন যাঁরা দল করেছেন তাঁরা। মালদা উত্তরে বিজেপির প্রার্থী হয়েছেন এবারে প্রাক্তন বাম বিধায়ক খগেন মুর্মু যা নিয়ে অসন্তোষ দানা বেঁধেছে গেরুয়া বাহিনীর মধ্যে।
সব মিলিয়ে মালদা উত্তরের মতো মালদা দক্ষিণেও কংগ্রেস মোটেও স্বস্তিতে নেই। গনি খানের আটবারের জেতা গড় মালদা যদি সত্যিই কংগ্রেসের হাতছাড়া হয়ে যায় তবে এরাজ্যে তাদের কফিনে যে শেষ পেরেক পোঁতার বাকি আর বিশেষ কিছু থাকবে না, তা চোখ বুজে বলে দেওয়া চলে।












Click it and Unblock the Notifications