Malda: আবার মালদহ, গভীর রাতে বিজেপি বিধায়কের গাড়িতে দুষ্কৃতীদের তাণ্ডব; বোমা রেখে প্রাণে মারার চেষ্টা!
Malda: ফের খবরের শিরোনামে মালদহ। জেলায় একের পর এক দুষ্কৃতী দৌরাত্ম্যের খবর। এবার টার্গেট বিজেপি বিধায়ক। গভীর রাতে বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মনের বাড়ির সামনে রাখা গাড়িতে তাণ্ডব চালাল দুষ্কৃতীরা। গাড়ির লক ভেঙে নাশকতা ঘটিয়ে বিধায়ককে খুনের চেষ্টার অভিযোগ। মালদহের গাজোল থানার শংকরপুর এলাকার ঘটনায় তীব্র উত্তেজনা।
শনিবার এনিয়ে গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিধায়ক চিন্ময় দেব বর্মন। সিসিটিভি ফুটেজে উঠে এসেছে দুষ্কৃতীদের কর্মকাণ্ডের ছবি। গাড়ির সামনের ইঞ্জিন খোলার সিসিটিভি ফুটেজ ভাইরাল। ইঞ্জিন খুলে গাড়িতে বিস্ফোরক রাখা হয় বলে অভিযোগ বিজেপি বিধায়কের। প্রায় আধঘণ্টা ধরে গাড়িটির উপর তাণ্ডব চালায় তারা। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।

গাজোল শহর এলাকায় সুকান্তপল্লিতে ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে বাড়ি বিজেপি বিধায়কের। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে। বাড়ির সামনে রয়েছে মোটরবাইকের দুটি শোরুম। তার সামনেই রাখা ছিল বিধায়কের স্করপিও গাড়ি। বিধায়ক জানান, চালকের থেকে তিন জানতে পারেন রাতের অন্ধকারে গাড়িটি খুলে বিভিন্ন জায়গায় তার এলোমেলো করে লাগানো হয়েছে। ভাঙচুরও করা হয়েছে বেশকিছু জায়গায়।
তবে কি দুর্ঘটনা ঘটানোই উদ্দেশ্য ছিল দুষ্কৃতীদের? আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিজেপি বিধায়কও। অন্য চাবি দিয়ে গাড়ি চুরি করে বেশিদূর নিয়ে যাওয়া সম্ভব হবে না। আর তাই চলন্ত গাড়িতে বিস্ফোরণ ঘটানোর ছক ছিল বলে মনে করছেন বিধায়ক। তবে যেভাবে একেবারে শহর এলাকায় জাতীয় সড়কের ধারে এই ধরনের দুষ্কৃতী হানা ঘটল, তাতে স্বাভাবিকভাবেই উদ্বেগে রয়েছে বিধায়কের পরিবার।
বিধায়কের কাছ থেকে অভিযোগ পেয়েই গুরুত্ব দিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ। এই ঘটনায় মালদা জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু জানান, "বিজেপি বিধায়ককে আমি বলব, আমাদের পুলিশ যথেষ্ট সজাগ রয়েছে। আপনারা যখন অভিযোগ করেছেন, পুলিশের উপরে ভরসা রাখুন। পুলিশ ঠিক অপরাধীকে খুঁজে বের করবে এবং সঠিক তদন্ত হবে।"












Click it and Unblock the Notifications