পঞ্চায়েত ভোটের আগে ফের জোট বার্তা, কোন অঙ্কে সমঝোতা কংগ্রেস-সিপিএমের
পঞ্চায়েত ভোটের প্রাক মুহূর্তে জোটের দামামা বেজে গেল মালদহে। সিপিএম জেলা সম্পাদক স্বয়ং বার্তা দিলেন, যেখানে তাঁদের প্রার্থী নেই, সেখানে কংগ্রেসকে সমর্থন দেওয়ার।
পঞ্চায়েত ভোটের প্রাক মুহূর্তে জোটের দামামা বেজে গেল মালদহে। কংগ্রেসের ঘোষিত প্রার্থী তালিকায় অবশ্য বামেদের সঙ্গে জোটচিত্র স্পষ্ট হয়ে উঠেছিল আগেই। এবার সিপিএম জেলা সম্পাদক স্বয়ং বার্তা দিলেন, যেখানে তাঁদের প্রার্থী নেই, সেখানে কংগ্রেসকে সমর্থন দেওয়ার। তিনি বলেন, যদি মনে হয় কংগ্রেস প্রার্থী তৃণমূল ও বিজেপিকে হারাতে পারে, তবে তাঁদের সমর্থন করতে কোনও সমস্যাই নেই তাঁদের।

তৃণমূল ও বিজেপিকে রুখতে মালদহে সিপিএমের সঙ্গে অলিখিত জোটের রাস্তা খোলা রেখেছিলেন জেলা সভাপতি মৌসম বেনজির নূর। কংগ্রেস কোনও রাখঢাক রাখেনি। এবার সিপিএমও আর রাখঢাক করল না। তাঁরাও কংগ্রেসকে জোট প্রস্তাব দিল সরাসরিই। আর সেই প্রস্তাব মেনে নিলেন মৌসম বেনজির নুরও। অর্থাৎ যেখানে কংগ্রেস নেই, সেখানে কংগ্রেস সিপিএমকে সমর্থন করবে। আর যেখানে সিপিএম বা বামফ্রন্ট প্রার্থী নেই, সেখানে বামেরা কংগ্রেসকে সমর্থন দেবে।
জেলা কংগ্রেস সভানেত্রী মৌসম বেনজির নুর এ প্রসঙ্গে জানিয়েছেন, তৃণমূল ও বিজেপিকে রুখতে আমরা কিছু আসনে সিপিএমকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি। এই সহযোগিতাকে জোট বা সমঝোতা বলা ঠিক হবে না। আমরা আনুষ্ঠানিকভাবে সিপিএমের সঙ্গে জোট করতে চাই না। মানুষের চাহিদা মেনে কিছু কিছু জায়গায় বোঝাপড়ার মাধ্যমে সহযোগিতার চেষ্টা করা হচ্ছে। একথা আমি আগেও বলেছিলাম, আজও বলছি। সিপিএম জেলা সম্পাদক অম্বর মিত্রও একই কথা বলেছেন। তাঁর কথায়, এটা ঠিক জোট নয়, তৃণমূল ও বিজেপির মতো অশুভ শক্তিকে হারানোর জন্য একটা সমঝোতা মাত্র।












Click it and Unblock the Notifications