বিজেপির মোকাবিলায় মা কালী শরণে মহুয়া! হিন্দু ভাবাবেগ নিয়ে নিশানা সঙ্ঘকেও
বিজেপির মোকাবিলায় মা কালী শরণে মহুয়া! হিন্দু ভাবাবেগ নিয়ে নিশানা সঙ্ঘকেও
দেবী কালীকে নিয়ে মহুয়া মৈত্রের বিতর্কিত ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে গর্জে উঠেছে বিজেপি। রাজপথে নেমে বিজেপির তরফে মহুয়া মৈত্রের গ্রেফতারি ও দল থেকে বরখাস্তের দাবি তোলা হয়েছে। এবার তার পাল্টা দিতে মা কালীর শরণ নিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। নিজেকে মা কালীর সাধক বলে দাবি করে টুইটারে পোস্ট করলেন- 'জয় মা কালী'।
|
জয় মা কালী, পিছু হটতে রাজি নন মহুয়া
বিজেপি যখন মহুয়া মৈত্রকে গ্রেফতারের দাবিতে রাজপথে নেমেছে, থানার সামনে অবস্থান বিক্ষোভ করছে, তখন মহুয়া মৈত্র টুইট করে বুঝিয়ে দিয়েছেন তিনি পিছু হটতে রাজি নন। তিনি নিজেকে কালীর সাধক বলে দাবি করে বলেন, আমিও মা কালীর পূজা করি। বাঙালি নির্ভীক ও তোষামদহীন দেবীর পূজা করে। তারপর লেখেন- জয় মা কালী। তিন এই ইঙ্গিতপূর্ণ টুইটে বুঝিয়ে দেন তাঁর অবস্থান।
|
মা কালীর ভক্ত, দ্বিতীয় টুইটে নির্ভীক মহুয়া
মহুয়া মৈত্র এ প্রসঙ্গে আরও একটি টুইট করেন। তিনি লেখেন- আমি মা কালীর ভক্ত আমি কোনও কিছুকেই ভয় পাই না। বিজেপিকে নিশানা করে তিনি লেখেন, আমি তোমাদের অজ্ঞতাকেও ভয় পাই না। তোমাদের দুষ্কৃতীদেরও নয়। তোমাদের পুলিশদেরও নয়। সবথেকে বড় বিষয় তোমাদের ট্রোলকেও ভয় পাই না আমি। সত্যের কোনও অবলম্বনের প্রয়োজন হয় না।
|
মহুয়ার ‘জয় মা তারা’ বার্তায় নিশানা সঙ্ঘীদের
এর আগে তিনি আরও একটি টুইট করেছিলেন। সেখানেও তিনি বিজেপিকে নিশানা করেছেন। বিজেপি ও আরএসএসপন্থীদের সঙ্ঘী আখ্যা দিয়ে তিনি লেখেন, আপনাদের সকলকে বলছি, মিথ্যেকে আশ্রয় করে কখনও ভালো হিন্দু হওয়া যায় না। আমি কখনই কোনও ফিল্ম বা পোস্টারকে সমর্থন করিনি বা ধূমপান শব্দটি উল্লেখ করিনি। এরপর তিনি লেখেন- তারাপীঠে আমার মা কালীকে দেখে আসুন। দেখুন ভোগ হিসেবে সেখানে কী খাবার ও পানীয় দেওয়া হয়। এখানে আবার টুইট শেষে তিনি লেখেন- জয় মা তারা।

মহুয়া মৈত্রের বিরুদ্ধে রাজপথে বিজেপি
তৃণমূল সাংসদ তাঁর মন্তব্যে হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন এবং হিন্দু দেবীর অবমাননা করেছেন বলে অভিযোগ করে বঙ্গীয় বিজেপি প্রধান সুকান্ত মজুমদার তাঁর গ্রেফতারি দাবি করেন। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষও এই মন্তব্যের তীব্র নিন্দা করে গ্রেফতারের দাবি তোলা হয়। সুকান্ত টুইট করে জানান, "তৃণমূল মহুয়া মৈত্রের মন্তব্য থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে পারে না। যদি তৃণমূল মহুয়া মৈত্রের মন্তব্যকে সমর্থন না করে তবে তাদের অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। হয় তাঁকে বহিষ্কার করা উচিত নয়তো তাঁকে সাসপেন্ড করা উচিত।" একইসঙ্গে তিনি মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যের জন্য অবিলম্বে গ্রেফতারের দাবি তোলেন। এই দাবির সমর্থনে বউবাজার থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।

মহুয়া মৈত্র ঠিক কী কথা বলেছিলেন অনুষ্ঠানে
তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে বলেছিলেন, মা কালী তাঁর কাছে একজন মাংসভোজী, মদ গ্রহণকারী দেবী। দেবী কালী ধূমপান করছেন- এমন একটি সিনেমার পোস্টার নিয়ে বিতর্কিত প্রতিক্রিয়া দেন মহুয়া মৈত্র, এমনটাই অভিযোহগ। তাঁর প্রতিক্রিয়ায় তীব্র বিতর্ক বাধে। হিন্দু দেবদেবীর অবমাননা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় তাঁর বিরুদ্ধে এফআইআর হয়।

মহুয়া মৈত্র কোন প্রেক্ষিতে বলেছিলেন ওই কথা
মহুয়া বলেছিলেন, "আপনি যখন সিকিম যাবেন, আপনি দেখতে পাবেন যে তাঁরা দেবী কালীকে হুইস্কি দেয়। কিন্তু আপনি যদি উত্তরপ্রদেশে যান এবং আপনি যদি তাঁদের বলেন যে আপনি দেবীকে প্রসাদ হিসেবে হুইস্কি নিবেদন করেন, তাহলে তাঁরা আপনাকে অধার্মিক বলবে। উল্লেখ্য, মা কালীর ওই পোস্টারটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তা নিয়ে অনেকে বলেছেন, পোস্টারটি হিন্দু দেবদেবীর অবমাননা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে তাঁর এই মন্তব্য।

আইনি পথে নেমে মহুয়া মৈত্রের বিরুদ্ধে পদক্ষেপ
মহুয়া মৈত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরি। বাক স্বাধীনতার নামে হিন্দু ভাবাবেগে আঘাত করা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করার পরিকল্পনা করা হয়েছে। বিভিন্ন থানায় এফআইআর করা হচ্ছে। আইনি পথে নেমে সরাসরি মহুয়া মৈত্রের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চাইছে গেরুয়া শিবির।












Click it and Unblock the Notifications