বাংলাদেশ সীমান্ত বরাবর রাজ্যের মাদ্রাসাগুলি জাতীয়তাবিরোধী কার্যকলাপের আড়ত : বঙ্গ বিজেপি
কলকাতা, ৫ জুন : যত তাড়াতাড়ি সম্ভব ভারত-বাংলাদেশ সীমান্তের মাদ্রাসাগুলি বন্ধ করার দাবি জানাল রাজ্য বিজেপি। তাদের দাবি, মাদ্রাসাগুলির জেরেই দেশে সন্ত্রাসবাদী ও জাতীয়তাবিরোধী কার্যকলাপ বেড়ে চলেছে।
বিজেপির রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, "আমরা সবাই জানি, এই সীমান্তের মাদ্রাসাগুলি সন্ত্রাসবাদী কার্যকলাপের উপাদান হয়ে উঠছে। বিদেশ থেকে মূলধন পাচ্ছে এরা। বেআইনি ব্যাবসা ও পাচারের আরত হয়ে উঠছে সীমান্তের এই মাদ্রাসাগুলি।"

নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিতে দিলীপবাবু বলেন, "কয়েক বছর আগে তদানিন্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন সীমান্তে অবস্থিত পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলি মৌলবাদের জন্ম দিচ্ছে। পরে দলের চাপে পড়ে নিজের মন্তব্য পাল্টাতে বাধ্য হয়েছিলেন তিনি। তিনি যা বলেছিলেন আইবি এবং পুলিশের রিপোর্টের ভিত্তিতে বলেছিলেন। মুখ্যমন্ত্রীর কোনও মন্তব্যই হাল্কাভাবে নেওয়া যায় না।"
কেন অসমের নবনির্বাচনিত সরকারের মতো এরাজ্যের সরকারও অনুপ্রবেশ বন্ধ করতে সীমান্ত এলাকাকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে না তা নিয়েও প্রশ্ন তোলেন দিলীপবাবু।
পাশাপাশি তিনি এও জানিয়েছেন, রাজ্য সরকার এবিষয়ে কোনও পদক্ষেপ না নিলেও রাজ্য বিজেপির তরফে মানুষকে এ মাদ্রাসাগুলি সম্পর্কে সচেতন করা হবে প্রচারের মাধ্যমে। রাজ্য বিধানসভায় এই প্রসঙ্গ উত্থাপন করা হবে। এবং রাজ্য সরকারের কাছে এই জাতীয়তাবিরোধী উপাদান মাদ্রাসাগুলিকে বন্ধ করে দেওয়ার অনুরোধ জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications