শনিবার মাধ্যমিকের ফল, মেধা তালিকা প্রকাশ হচ্ছে কি না জেনে নিন
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ আগেই ফলাফল প্রকাশের দিন ঘোষণা করে দিয়েছিল। তাই তড়িঘড়ি একদিনের মধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিল মাধ্যমিকের ফল প্রকাশের দিন।
প্রথামতো উচ্চমাধ্যমিকের আগেই ফলপ্রকাশ হচ্ছে মাধ্যমিকের। আগামী ২৭ মে অর্থাৎ শনিবার ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদ সাংবাদিক সম্মেলন করে এ কথা জানায়। বুধবারই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল ৩০ মে অর্থাৎ মঙ্গলবার উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করা হবে।
তখন থেকেই জল্পনা চলছিল মাধ্যমিকের ফল প্রকাশের দিন নিয়ে। মাধ্যমিকের ফল প্রকাশের দিন ঘোষণা নিয়ে বিলম্বে বিষ্মিত হয়েছিল শিক্ষামহল। বৃহস্পতিবার দুপুরের পর থেকে অবশ্য মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে যাবতীয় ধোঁয়াশা কেটে গেল।শনিবার সকাল ন'টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ করা হবে।১০টা থেকে শুরু হবে মার্কশিট বিলি। জেলার মধ্যশিক্ষা পর্ষদের অফিস থেকে সংশ্লিষ্ট এলাকার স্কুলগুলি মার্কশিট সংগ্রহ করতে পারবে।

বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে ১১টা থেকে ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এসএমএস করেও ফল জানা যাবে। এবার মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ১০ লক্ষ ৭২ হাজার। এই বছরও ১০ জনের মেধা তালিকাও প্রকাশ করা হবে।












Click it and Unblock the Notifications