মধ্যমগ্রাম কাণ্ডে অভিযুক্ত সিভিক পুলিশের বয়ানে কোন প্রসঙ্গ সামনে এল
মধ্যমগ্রাম চৌমাথায় সৌমেন দেবনাথের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সৌমেন রায়ের বয়ান সামনে এল। পুলিশ সূত্র খবর, মাথা গরম করে হাতাহাতির কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত। পাশাপাশি ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ থেকে যে ঘটনা সামনে এসেছে তাতে অভিযুক্তের সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে।

শনিবার সকালে মধ্যমগ্রাম চৌমাথায় সিভিক ভলান্টিয়ার সৌমেন রায়ের মারামারি ও ধাক্কায় বিনা হেলমেটে স্কুটি চালানো সৌমেন দেবনাথ ঘটনাস্থলেই অসুস্থ হয়ে মারা যান। এই ঘটনায় সৌমেনকে গ্রেফতারও করা হয়েছে। তার তিনদিনের পুলিশ হেফাজত হয়েছে।
অভিযুক্তের পরিবারের প্রশ্ন সৌমেন ছাড়া সেখানে আরও অনেকে ছিল। তাহলে শুধু সৌমেনকেই এই ঘটনার গ্রেফতার কেন করা হয়েছে। এই একই প্রশ্ন নিহতের পরিবারেরও।
যদিও পুলিশ জানিয়েছে, আপাতত যে সিসিটিভি ফুটেজ হাতে এসেছে তাতে স্পষ্ট দেখা গিয়েছে, ঘটনাস্থলে অনেকে থাকলেও সৌমেনই মৃত সৌমেন দেবনাথের সঙ্গে প্রথমে বচসা ও পরে ধাক্কাধাক্কি করে মারধর করে। অন্য কেউ এই ঘটনায় জড়িত বলে এখনও প্রমাণ পায়নি পুলিশ।
তথ্যপ্রমাণ ও ভিডিও ফুটেজ খতিয়ে দেখার পরে সৌমেনকে গ্রেফতার করা হয়। এখনও এই ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ। অন্য কারও উসকানি বা প্ররোচনা এতে ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications