শুভেন্দু অধিকারীকে ‘প্রাক্তন’ করার চ্যালেঞ্জ, নন্দীগ্রামের মাটি থেকে প্রতিজ্ঞা মদন মিত্রের
শুভেন্দু অধিকারীকে 'প্রাক্তন' করার চ্যালেঞ্জ নিলেন মদন মিত্র। নন্দীগ্রামের মাটি থেকে মদন মিত্র প্রতিজ্ঞা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তিনি প্রাক্তন করে ছাড়বেন। শুধু বিরোধী দলনেতা হিসেবে নন, বিধায়ক হিসেবেও তাঁকে প্রাক্তন করার চ্যালেঞ্জ মদনের।
বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে প্রায়শই বলতে শোনা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি কম্পার্টমেন্টাল সিএম বানিয়েছেন, এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ছাড়বেন। তাঁর সেই কথা তুলে ধরেই নন্দীগ্রাম থেকে মদন মিত্র বললেন, তিনি শুভেন্দুকে নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক করে ছাড়বেন।

মদন মিত্র বলেন, শীঘ্রই প্রাক্তন বিরোধী দলনেতা ও প্রাক্তন বিধায়ক হবেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের মাটি আমার দরকার। নন্দীগ্রামের মাটিতে কোনো বেইমানের ঠাঁই নেই। নন্দীগ্রামের মাটি থেকে এই প্রতিজ্ঞা করছি আমি। শুভেন্দু অদিকারী প্রাক্তন বিধায়ক হবেনই।
মদন মিত্র বলেন, কয়েকজনের বেইমানির জন্য পশ্চিমবঙ্গে বিজেপির এই দাপট। সেইসব বেইমানদের বাংলার মানুষ ক্ষমা করবেন না। নন্দীগ্রামের এই মাটি পবিত্র মাটি। প্রত্যেকদিন সকালে বেরনোর সময় এই মাটি কপালে লাগাব। আর মনে মনে শপথ নেব শুভেন্দুকে প্রাক্তন করার।

মদন বলেন, আমি নিশ্চিত শুভেন্দু অধিকারী প্রাক্তন বিরোধী দলনেতা হবেন। শুভেন্দু প্রাক্তন দলনেতা না হওয়া পর্যন্ত প্রত্যেক তৃণমূল কর্মী রক্ত দিয়ে অঙ্গীকার করবেন। এদিন জনসংযোগ কর্মসূচিতে বেরিয়ে তৃণমূল কর্মীদের এই পরামর্শ দিলেন। পরামর্শ দিলেন বাংলার মাটি থেকে বিজেপিকে উৎখাত করার।
মদন মিত্র বলেন, বাংলা মাটি থেকে বিজেপিকে উৎখাত করতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা করছেন। আর এই নবজোয়ার যাত্রা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরামর্শ দিলেন, "শুভেন্দু অধিকারীকে বলুন, নির্বাচনের জন্য প্রার্থী বাছুন, নচেৎ হাইকোর্টে ছুটতে হবে।"

অভিষেক বলেন, তৃণমূলকে অনুকরণ বা অনুসরণ না করে, আগামীদিনে প্রার্থী কোথায় দাঁড়াবে, সেটা ঠিক করুন। গণতন্ত্রে আমি বা বিরোধী দলনেতা শেষ কথা নয়। কর্মসূচি সার্থক কি সফল, তা মানুষ বিচার করবেন। শুভেন্দু অধিকারীকে বলুন, নির্বাচনের জন্য প্রার্থী বাছুন, নচেৎ হাইকোর্টে ছুটতে হবে ভোট পিছনোর জন্য।
অভিষেকের অভিযোগ, ষাট হাজার বুথে প্রার্থী নেই। কোথা থেকে প্রার্থী দেবে বিজেপি জানে না। প্রার্থী ঠিক না করে তাঁরা তৃণমূলকে অনুকরণ করছে। এই আঙ্গিকেই অভিষেক বলেন, গঠনমূলক কাজ করুন, মানুষের পাশে থাকুন। আর বলেন, বিচারব্যবস্থা নিয়ে কোনো মন্তব্য করব না। আমরা বিচারব্যবস্থাকে সম্মান করি। আমরা মনে করি, আইনের উর্ধ্বে কিছু হয় না।












Click it and Unblock the Notifications