Lok Sabhha Election 2024: ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে লড়বেন শুভেন্দু? তৃণমূল চ্যালেঞ্জ দিল বিজেপিকে
Lok Sabhha Election 2024: মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি নন্দীগ্রামে হারিয়েছেন। এ কথা মাঝেমধ্যেই ফলাও করে বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এবার কি তিনি বিজেপির টিকিটে লড়বেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? তৃণমূল এ জন্য চ্যালেঞ্জও ছুড়ল শুভেন্দুকে।

নন্দীগ্রামে ১৯৫৬ ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাতে বিজেপির দিল্লির নেতাদের কাছে শুভেন্দুর আস্থাভাজন হয়ে ওঠার পথ সুগম হয়ে যায়। রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত, বিজেপি এখনও অবধি যে ৩৯ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তাতে শুভেন্দুর মতামত গুরুত্ব পেয়েছে।
আসানসোলে বিজেপি প্রথম তালিকায় প্রার্থী করেছিল ভোজপুরী গায়ক ও অভিনেতা পবন সিংকে। তিনি তার পরের দিনই জানিয়ে দেন, ভোটে লড়তে চান না। পরবর্তীতে ভোটে লড়ার কথা বললেও আসানসোল থেকে যে লড়বেন না সেটা পরিষ্কার। ফলে আসানসোলে বিজেপি প্রার্থী কে হবেন তা স্পষ্ট নয়।
বীরভূম ও ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রেও এখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি। তার মধ্যে ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছেন ইতিমধ্যেই। তবে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে ডায়মন্ড হারবার নিয়ে। যেখানে হ্যাটট্রিকের লক্ষ্যে নির্বাচনী ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বিজেপির অন্দরে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ক্ষোভ জন্মাচ্ছে। অভিষেকের খাসতালুকে জয় ছিনিয়ে নেওয়া যে সহজ নয়, তা ভালোভাবেই টের পাচ্ছেন সকলে। তাঁদের মতামত, কঠিন আসনে যাঁকেই দাঁড় করানো হোক তাঁকে সংগঠনের সঙ্গে তাল মেলাতে, এলাকা চিনতে সময় দেওয়া উচিত।
বিজেপি ও তৃণমূল বিরোধীরা ইতিমধ্যেই বলতে শুরু করছেন, সর্বভারতীয় দলগুলির মধ্যে সবচেয়ে বড় দল বলে দাবি করা বিজেপি ডায়মন্ড হারবারের জন্য প্রার্থী খুঁজে পাচ্ছে না! নাকি সেটিং তত্ত্বে এই আসনটিতে অভিষেককে ওয়াকওভার দিতে চাইছে বিজেপি? বাম কিংবা আইএসএফও এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি এই আসনে।
আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী অভিষেকের বিরুদ্ধে লড়বেন বলে হুঙ্কার ছাড়লেও তাঁর নামও ঘোষণা করা হয়নি। ফলে প্রথম ল্যাপেই বাকিদের চেয়ে এগিয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বিরুদ্ধে প্রার্থী পাওয়া যাচ্ছে না দেখে হতোদ্যম বিজেপি কর্মী-সমর্থকরাও।
এই আবহে শুভেন্দু অধিকারীকে কড়া চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, বিজেপি এখনও ডায়মন্ড হারবার ও আরও তিনটি আসনে প্রার্থী পায়নি। ভোটে লড়ার জন্য অনেককে অনুরোধ করছে। এই অবস্থায় আমি শুভেন্দু অধিকারীকে ওপেন চ্যালেঞ্জ করছি। আমার চ্যালেঞ্জ গ্রহণ করে অভিষেকের বিরুদ্ধে তিনিই প্রার্থী হোন। এখন প্রশ্ন হলো, শুভেন্দু কি এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন?












Click it and Unblock the Notifications