বিজেপি প্রার্থী দলবদলু অর্জুন-তাপস, দিলীপ ও দেবশ্রীর কেন্দ্র বদল, অভিষেকের বিরুদ্ধে কে?
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও দলবদলুদের প্রাধান্য দিল বিজেপি। সেই সঙ্গে বর্তমান সাংসদদের আসন বদলও করা হয়েছে।
আজ যে ১৯টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে তাতে উল্লেখযোগ্যভাবে নেই ডায়মন্ড হারবার ও আসানসোলের নাম। আসানসোলের প্রার্থী পবন সিং আগেই জানিয়েছেন, তিনি এই কেন্দ্রে ভোটে লড়বেন না। ঝাড়গ্রাম ও বীরভূম আসনেও প্রার্থীর নাম চূড়ান্ত হয়নি।

সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন তাপস রায়। বরানগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েই। তাপস রায় লড়বেন কলকাতা উত্তর কেন্দ্র থেকে। যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপের সঙ্গে তাপসের সম্পর্ক আদায়-কাঁচকলায়। তিনি প্রবল সমালোচনাও করেছিলেন সুদীপের। এবার ভোটের ময়দানে একে অপরের বিরুদ্ধে লড়াই।
অর্জুন সিং বিজেপিতে যোগদানের আগে বলেছিলেন, কনফার্ম টিকিট ছাড়া তিনি ট্রেনে ওঠেন না। দিল্লি থেকে ফিরে বলেছিলেন, ব্যারাকপুরে যে-ই প্রার্থী হোন না কেন এই আসনে বিজেপিকে ফের জেতাতে সর্বশক্তি নিয়োজিত করবেন। অবশেষে অর্জুনকেই ব্যারাকপুরে প্রার্থী করল বিজেপি।
মেদিনীপুর কেন্দ্রের দিকে ছিল সকলের নজর। সেখানকার সাংসদ দিলীপ ঘোষ। তিনি লড়তে চেয়েছিলেন এই আসনেই। যদিও সেখানে মহিলা প্রার্থী চাইছিল দলের একাংশ। দিলীপের এই আসনটি হাতছাড়া হলো। তিনি লড়বেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে, সেখানে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ।
বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নাম নেই ঘোষিত প্রার্থী তালিকায়। যেমন নাম নেই আসানসোলে বিজেপির প্রার্থী কে হবেন। মনে করা হচ্ছে, আলুওয়ালিয়াকে পাঠানো হতে পারে আসানসোলে। মেদিনীপুরে ভারতী ঘোষ নন, প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্রা পলকে।
রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীকেও সরিয়ে দেওয়া হলো। তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি কলকাতা দক্ষিণ কেন্দ্রে তাঁকে দাঁড় করানো হয়েছে। এখানে তৃণমূলের সাংসদ মালা রায় এবারও প্রার্থী, সিপিআইএম দাঁড় করিয়েছে সায়রা শাহ হালিমকে। দমদম কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সৌগত রায় ও সিপিআইএমের সুজন চক্রবর্তীর বিরুদ্ধে লড়বেন শীলভদ্র দত্ত, তিনিও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।
রাহুল সিনহাকে এবার প্রার্থী করেনি বিজেপি। সন্দেশখালিতে মহিলাদের প্রতি হেনস্থা নিয়ে প্রতিবাদী মুখ তথা আন্দোলনে নেতৃত্ব দেওয়া রেখা পাত্রকে প্রার্থী করা হয়েছে বসিরহাট কেন্দ্রে। বর্ধমান পূর্ব আসনেও প্রার্থী বদলেছে বিজেপি। তৃণমূলের হাত থেকে এই আসনটি ছিনিয়ে নিতে বড় বাজি অসীমকুমার সরকার। দার্জিলিং কেন্দ্রে রাজু বিস্তাকেই দাঁড় করানো হয়েছে। অর্জুনের সঙ্গে বিজেপিতে যোগ দেওয়া দিব্যেন্দু অধিকারীকে প্রার্থী করা হয়নি প্রত্যাশিতভাবেই।












Click it and Unblock the Notifications