ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে রাজ্যে ক্ষতির পরিমাণ ছুঁলো ২৩৮১১ কোটি টাকা
ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে রাজ্যে ক্ষতির পরিমাণ ছুঁলো ২৩৮১১ কোটি টাকা
গত সপ্তাহে বাংলায় ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবলীলায় মোট ২৩,৮১১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানানো হল রাজ্য সরকারের তরফে। উপকূলবর্তী এলাকা ছাড়াও তিন জেলার প্রায় ৩৫ লক্ষ মানুষ বুলবুলের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে বলে রাজ্য সরকাররে তরফে দাবি করা হয়েছে।

অন্যদিকে শনিবারই বুলবুলের দ্বারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকারী কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে এই বিষয়ে বিশদ তথ্য সম্বলিত প্রতিবেদনও তুলে দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। ঘূর্ণিঝড় কবলিত অঞ্চল গুলিতে ক্ষয়ক্ষতির হিসেবনিকেশ করতে এই কেন্দ্রীয় প্রতিনিধি দলটির সদস্যদের আমন্ত্রণ জানানো হয় রাজ্য সরকারের তরফে। এরপরই শনিবারই রাজ্যের নির্দিষ্ট বিভাগে কর্মকর্তাদের সঙ্গে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ছাড়াও পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু এলাকা ঘুরে দেখেন তারা।
সূত্রের খবর, পরিদর্শন শেষে সচিবালয়ে রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহার সাথে বৈঠক চলাকালীন কেন্দ্রীয় দলের সদস্যদের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করা হয়। পাশাপাশি পৃথক একটি রিপোর্ট শীঘ্রই কেন্দ্রের কাছে পাঠানো হবে বলেও জানা গেছে।
বুলবুলের তাণ্ডবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ
ওই সরকারি প্রতিবেদনের সূত্র টেনে এক উচ্চ পদস্থ সরকারি আধিকারিক বলেন, "ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে বিধ্বস্ত তিন জেলায় মোট ক্ষতি হয়েছে প্রায় ২৩,৮১১ কোটি টাকা। যেখানে ৩৫ লক্ষেরও বেশি মানুষ সরাসরি এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসাথে মোট ৫,১৭,৫৩৫ টি বাড়িও আংশিক ও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।"
অন্যদিকে সরকারি ওই প্রতিবেদনের সূত্র অনুযায়ী, ঘূর্ণিঝড়ের জেরে মোট ১৪,৯৯,৯২৪ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি এতে বিদ্যুৎ বিভাগের মোট ৫৯৭ কোটি টাকা লোকসানও হয়েছে। একই সাথে প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের গণস্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সাহায্য স্বরূপ প্রায় ৪,৩৫,০০০ ত্রিপল এবং ৬.২ লক্ষ জলের পাউচ বিতরণ করা হয়েছে।












Click it and Unblock the Notifications