দেশের মধ্যে বাংলাতেই হবে সবথেকে বেশি বাহিনী মোতায়েন, বড় পদক্ষেপ কমিশনের
Loksabha Election 2024: এখনও লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করেনি নির্বাচন কমিশন। এর মধ্যেই আগামী সপ্তাহে বাংলা আসতে পারে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বঙ্গে সফরের আগেই লোকসভা নির্বাচনে বাংলার নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে কমিশন।
সম্প্রতি কোন রাজ্যে কত বাহিনী মোতায়েন করা হবে সে বিষয়ে জানিয়ে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রককে একটি চিঠি পাঠিয়েছে কমিশন । আর সেখানে গোটা দেশের মধ্যে নির্বাচনে (Loksabha Election 2024) বাংলার জন্য সবথেকে বেশি বাহিনী (Central Force) চাওয়া হয়েছে। আর সেই সংখ্যাটা একেবারে চমকে দেওয়ার মতো।

কমিশন সূত্রে জানা গিয়েছে, বাংলায় অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করাতে ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে। এমনকি স্ট্রং রুম এবং ইভিএমের নিরাপত্তা সুনিশ্চিত করতে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। বাহিনী মোতায়েনের নিরিখে বাংলার পরেই রয়েছে জম্মু ও কাশ্মীর।
সে রাজ্যে সর্বোচ্চ ৬৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ভাবনা কমিশনের। পাশাপাশি মাওবাদী অধ্যষুত এলাকা যেমন ছত্তিসগড়ের জন্যে সর্বোচ্চ ৩৬০ কোম্পানি বাহিনী স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চাওয়া হয়েছে।
গোটা দেশজুড়ে শান্তিপূর্ণ ভাবে লোকসভা নির্বাচন করতে শাহের মন্ত্রকের কাছ থেকে মোট ৩ হাজার ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে কমিশন। যদিও শেষমেশ কত বাহিনী কমিশন পায় সেদিকেই নজর সবার। তবে বাংলায় সুষ্ঠভাবে ভোট করাতে যে পরিমাণ বাহিনী কমিশন চেয়েছে তাতে খুশি বিজেপি সহ বিরোধী দলগুলি।
বাংলায় লোকসভা ভোটের আগে থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিজেপি। এই পরিস্থিতিতে কমিশনের এহেন পদক্ষেপ যথাযথ বলেই মনে করা হচ্ছে। তবে বাহিনীকে যাতে ঠিক ভাবে কাজে লাগানো হয় সেই বার্তা দেওয়া হয়েছে বামেদের তরফে।
এই বিষয়ে গিত বিধানসভার উল্লেখ করে বামেদের দাবি, রেকর্ড সংখ্যায় বাহিনী মোতায়েন করা হলেও অশান্তি এড়ানো সম্ভব হয়নি। এই বিষয়ে এবার কমিশনের বাড়তি নজর দেওয়া উচিত বলে দাবি বামেদের।
প্রসঙ্গত,২০১৯ লোকসভা নির্বাচনে বাংলায় ৭৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। এবার সেই সংখ্যাটা ছাপিয়ে যেতে চলেছে। কমিশন সূত্রে খবর, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে শান্তিতে ভোট করাতে কত বাহিনী প্রয়োজন সে বিষয়ে সংশ্লিষ্ট মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছ থেকে রিপোর্ট চায় কমিশন।
সেই মতো রিপোর্ট জমা পড়ে। আর সেই রিপোর্টের ভিত্তিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বাহিনীর জন্য সুপারিশ করেছে নির্বাচন কমিশন। এমনটাই সূত্রের খবর।












Click it and Unblock the Notifications