টাকার বদলে প্রশ্ন মামলায় আরও বিপাকে মহুয়া মৈত্র! লোকসভা ভোটের মুখে সিবিআই তদন্তের নির্দেশ লোকপালের
টাকার বদলে প্রশ্ন মামলায় লোকসভায় কৃষ্ণনগর থেকে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ লোকপালের। দেশের দুর্নীতি বন্ধের জন্য কাজ করা সংস্থাটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে ধারা ২০(৩)এ-এর অধীনে তদন্ত করতে এবং ছয়মাসের একটি একটি রিপোর্ট জমা দিতে বলেছে।
একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগগুলি অত্যন্ত গুরুতর এবং এব্যাপারে বিষদে তদন্তের প্রয়োজন। লোকপালের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, তারা সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছেন। ২০(৩)এ ধারার অধীনে অভিযোগের সব দিকে তদন্ত করতে এবং ছয়মাসের মধ্যে তদন্তের একটি রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এছাড়া সিবিআই প্রতিমাসে তদন্তের অগ্রগতি নিয়ে পর্যায়ক্রমিক রিপোর্ট জমা দেবে।

প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন, সিবিআই এর আগে লোকপালের আদেশে প্রাক্তন সাংসদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক তদন্ত করেছিল। টাকা বদলে সংসদে প্রশ্ন তোলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে ২০২৩-এর ডিসেম্বর মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কার করা হয়।
কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ পত্রে দুবে বলেছিলেন, সংসদে প্রশ্ন করার জন্য ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে নগদ ও উপহার পেয়েছিলেন তিনি। আরও অভিযোগ ছিল মহুয়া মৈত্র হিরানন্দানির থেকে দুই কোটি টাকা ভারতীয় ও বিদেশি মুদ্রায় পেয়েছিলেন।
তার আগে অবশ্য নিশিকান্ত দুবে জানিয়েছিলেন, তিনি ২০২৩-এর ১৪ অক্টোবর আইনজীবী জয় অনন্ত দেহদরাই থেকে একটি চিঠি পেয়েছিলেন। সেখানে বলা হয়েছিল মহুয়া মৈত্র তাঁর অনলাইন লোকসভা অ্যাকাউন্টে ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকে সম্পূর্ণ অ্যাক্সেস দিয়েছিলেন। যিনি সেখানে নিজের পছন্দের প্রশ্ন পোস্ট করতেন। ৬১ টি প্রশ্নের মধ্যে ৫০ টি প্রশ্ন মহুয়া মৈত্র লোকসভা তুলেছিলেন বলে দেহদরাই অভিযোগ করেছিলেন।
যদিও মহুয়া মৈত্র প্রথমে তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছিলেন এবং বলেছিলেন, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন তোলায় তাঁকে নিশানা করা হচ্ছে।
सत्यमेव जयते
— Dr Nishikant Dubey(Modi Ka Parivar) (@nishikant_dubey) March 19, 2024
आज मेरे शिकायत को सही मानते हुए लोकपाल ने महुआ मोइत्रा के खिलाफ CBI को जॉंच करने का आदेश दिया । यानि चंद पैसों के लिए तृणमूल कॉंग्रेस की पूर्व सांसद ने हीरानंदानी के साथ भ्रष्टाचार व देश की सुरक्षा को गिरवी रखा। जय शिव pic.twitter.com/hzxHpqN1Mr
লোকপালের সিবিআই তদন্তের আদেশের পরে ঝাড়খণ্ডের সাংসদ নিশিকান্ত দুবে নিজের এক্স হ্যান্ডেলে বলেছেন, সত্যের জয় হল। তাঁর অভিযোগ সত্য বলে বিবেচনা করে মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে লোকপাল। অর্থাৎ টাকার জন্য তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ দুর্নীতিতে যুক্ত হয়েছিলেন। ওই নেত্রী হিরানন্দানির কাছে দেশের নিরাপত্তা বন্ধক রেখেছিলেন বলেও অভিযোগ করেছেন নিশিকান্ত দুবে।












Click it and Unblock the Notifications