Lok Sabha Election 2024: উনি না গেলেও রাজভবন চলবে! মমতাকে কোথায় যেতে বললেন শুভেন্দু?
Lok Sabha Election 2024: মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজভবন নিয়ে মন্তব্যের পাল্টা দিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা মমতার অবস্থানকে ড্রামা, নাটক বলেও কটাক্ষ করেছেন।
বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রচারের শেষ দিনে কালনার বৈদ্যপুরে রোড শো করেন শুভেন্দু। সপ্তগ্রামে মমতার বক্তব্যের পাল্টা শুভেন্দু দেন কালনা থেকেই।

সপ্তগ্রামের জনসভায় মমতা বলেন, রাজ্যপাল এডিট করে ভিডিও দেখিয়েছেন প্রেসকে। পুরোটা দেখিয়েছেন? আমি প্রেসের কাছ থেকে কপি পেয়েছি। এডিট করা ভিডিও-ও পেয়েছি। এখনও তো সব বেরোয়নি। আরেকটা ভিডিও পেলাম পেন ড্রাইভে।
এখানেই না থেকে মমতা বলেন, পরপর কীর্তি, কেলেঙ্কারি। বাবা রে! আমাকে রাজভবনে ডাকলে যাব না। তবে রাজ্যপাল আমাকে রাস্তায় ডাকলে যাব। যা কীর্তি, কেলেঙ্কারি শুনছি তাতে আপনার পাশে বসাও পাপ। রাজ্যপালের তো পদত্যাগ করা উচিত। আপনি কে যে মহিলাদের নির্যাতন করছেন!
যদিও মমতা নাটক করছেন বলে কটাক্ষ করেন শুভেন্দু। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, এ সব ড্রামা, নাটক! উনি না গেলেও রাজভবন চলবে। ওঁর যাওয়ার দরকার নেই। উনি রামপুরহাটের বগটুই যান, যাঁদের পুড়িয়ে মেরেছেন। হাঁসখালিতে যান। সন্দেশখালির মা-বোনেদের কাছে যান। শুভেন্দু আরও বলেন, মোদী ঝড় চলছে। বর্ধমানে সাফ হবে তৃণমূল। মানুষ চোর হঠাবে।
এদিন শুভেন্দু কালনা বিধানসভার যেখানে রোড শো করলেন সেখানেই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে আসতে পারেননি। ভার্চুয়ালি ভাষণ দিয়েছিলেন। আজ শুভেন্দুর রোড শো-এ জনজোয়ার। রাস্তার দু-ধারে, বাড়ির ছাদে দাঁড়িয়ে শুভেন্দুকে প্রণাম করতেও দেখা গেল অনেক মহিলাকে। বিজেপি নেতাদের দাবি, পুরানো লোকেরাও শুভেন্দু অধিকারীর টানেই সক্রিয় হয়েছেন।
এই এলাকাতেই থাকেন কালনা ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রণব রায়। বৈদ্যপুর শিরিষতলায় সন্ধ্যা ৬টায় প্রচার শেষের আগে শুভেন্দু বলেন, প্রণব রায় শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। সাবধান। আগের মতো আর ভোট লুঠ করা যাবে না। মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন। বিজেপি নেতৃত্বকে শুভেন্দু বলেছেন, সকাল ৬টার মধ্যে বুথে এজেন্ট বসাতে হবে। তিনি ভোটের দিন ভোট পাঁচটা থেকে জেগে থাকেন। কোথাও এজেন্ট বসতে বাধা দেওয়া হলে, বা অশান্তি হলে যেন তাঁকে জানানো হয়। তাঁর হোয়াটসঅ্যাপ নম্বর অনেকের কাছেই আছে। কিউআরটি দ্রুত পাঠানোর বন্দোবস্ত করবেন।












Click it and Unblock the Notifications