Lok Sabha Polls 2024: রবিবারেই বাংলায় ফুলবেঞ্চ, সন্দেশখালি নিয়ে প্রত্যেকদিন রিপোর্ট চাইল কমিশন
Lok Sabha Polls 2024: লোকসভা নির্বাচনের মুখে উত্তপ্ত সন্দেশখালি! দফায় সফায় ঘটছে সংঘাতের ঘটনা। চড়ছে রাজনৈতিক উত্তাপও। আর এই রাজনৈতিক প্রেক্ষাপটে বঙ্গ সফর এগিয়ে আনল নির্বাচন কমিশনার (Election Commission of India)। আগামী ৩রা মার্চ বাংলায় আসছে কমিশনের ফুলবেঞ্চ। দুদিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে কমিশনের আধিকারিকদের।
অন্যদিকে সন্দেশখালির ঘটনায় কড়া নজর রাখছে কমিশন। প্রত্যেকদিন সেখানে কী ঘটছে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য নিচ্ছে নয়াদিল্লি। এমনটাই মুখ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। মার্চের দ্বিতীয় সপ্তাহে সম্ভবত লোকসভা নির্বাচনের (Lok Sabha Polls 2024) নির্ঘণ্ট প্রকাশ করতে পারে কমিশন।

আর তা ঘোষণা করার আগে দেশের সমস্ত রাজ্যে যাচ্ছেন কমিশনের আধিকারিকরা। সেই মতো বাংলাতেও আসছে ফুলবেঞ্চ। প্রথমে চার মার্চ আধিকারিকদের বাংলায় আসার কথা থাকলেও সেই সূচি বাতিল করা হয়েছে। যা খবর, আগের দিন অর্থাৎ ৩ মার্চ বাংলায় আসছে কমিশনের ফুল বেঞ্চ। পরের দিন, চার মার্চ সর্বদলীয় বৈঠক করবেন চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার। যা হবে সকাল সাড়ে ৯ টা থেকে সাড় ১১টা পর্যন্ত।
পাশাপাশি পুলিশ প্রশাসন, জেলা আধিকারিকদের সঙ্গেও বৈঠক করার কথা আছে তাঁর। আর সেই বৈঠক শুরু হবে দুপুর ১২ টা থেকে। কার্যত গোটা দিন ধরে এই বৈঠক হবে। এরপর পাঁচ তারিখ মুখ্যসচিব এবং পুলিশের ডিজির সঙ্গে বৈঠকের কথা রয়েছে ফুলবেঞ্চের। তবে সেই বৈঠক হওয়ার আগে আরও বেশ কয়েকটি বৈঠক সারবেন আধিকারিকরা। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হবে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং অন্যান্য আধিকারিকরা।
তবে বাংলার আইনশৃঙ্খলা নিয়ে যথেষ্ট সতর্ক কমিশন। গত কয়েকদিন আগে বাংলার স্পর্শকাতর বুথ এবং এলাকার তালিক চেয়ে পাঠায় কমিশন। আর তা পাঠিয়েও দেওয়া হয়েছে। জানা গিয়েছে, প্রশাসনের সঙ্গে বৈঠকে স্পর্শকাতর বুথ এবং এলাকার বিষয়ে বিস্তারিত আলোচনা কমিশন করতে পারে।
অন্যদিকে সন্দেশখালির ঘটনায় কড়া নজর রাখছে কমিশন। প্রত্যেকদিন সেখানে কী ঘটছে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। জেলা প্রশাসনের বৈঠকে এই বিষয়টিও উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, বাংলায় শান্তিপূর্ণ এবং ভোট করাতে চায় কমিশন। আর সেই লক্ষ্যেইরাজ্যে ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে। আর তা ভোটের আগেই চলে আসবে বলে খবর।












Click it and Unblock the Notifications