শান্তিপুরে বিজেপি কার্যালয় ভাঙচুর, হাঁসখালিতে আক্রান্ত গৃহবধূ
স্বামীর সঙ্গে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বোমার আঘাতে এক নিরীহ গৃহবধূ রক্তাক্ত হয়েছেন নদিয়ার হাঁসখালিতে।
স্বামীর সঙ্গে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বোমার আঘাতে এক নিরীহ গৃহবধূ রক্তাক্ত হয়েছেন নদিয়ার হাঁসখালিতে। অন্যদিকে, ওই জেলারই শান্তিপুরের বাঁইগাছিতে বিজেপির নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনায় পুলিশের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ তুলেছে বিজেপি।

প্রথম ঘটনায় একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল ও বিজেপি। আহত গৃহবধূ তাদের দলের কর্মী বলেই দাবি তৃণমূল কংগ্রেসের। তাদের বক্তব্য, হাঁসখালির ছোট মুড়াগাছা কেন্দ্রে ভোট দিয়ে স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন ওই মহিলা। সেই সময় সেখানে আসছিলেন শাসক দলের প্রার্থী। তৃণমূল প্রার্থীর গাড়ি লক্ষ্য করে বিজেপি কর্মীরা বোমা ছুঁড়লে ওই গৃহবধূ এবং তাঁর স্বামী তাতে ফেঁসে যান বলে অভিযোগ। নিরাপদ স্থানে সরে যাওয়ার আগেই বোমার স্প্রিন্টার ওই গৃহবধূর হাতে গিয়ে লাগে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
অন্যদিকে, শান্তিপুরের বাঁইগাছিতে তৃণমূল কংগ্রেসের তিন বাইক আরোহী দুষ্কৃতী বিজেপির নির্বাচনী কার্যালয় ভেঙে দেয় বলে অভিযোগ। বাধা দিতে গেলে দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের মারধর করে বলেও অভিযোগ। যদিও শাসক দলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।












Click it and Unblock the Notifications