Lok Sabha Election Results 2024: ৭-০ করে কোন লোকসভা কেন্দ্রগুলি জিতল তৃণমূল? শওকতকে টেক্কা জাহাঙ্গীরের
Lok Sabha Election Results 2024: লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবার বাংলায় পেয়েছে ২৯টি আসন। বিজেপিকে সন্তুষ্ট থাকতে হয়েছে ১২টি আসনে জিতে।
কোনও লোকসভা কেন্দ্রেই বিজেপির জয়ী প্রার্থীরা সব বিধানসভা ক্ষেত্রেই লিড নিতে পারেননি। যদিও তৃণমূল অনেক জায়গাতেই নিশ্চিত করেছে ৭-০ লিড। মার্জিনের নিরিখে শওকত মোল্লাকে টেক্কা দিয়েছেন জাহাঙ্গীর খান।

দমদম লোকসভার খড়দহ, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট-গোপালপুর বিধানসভা ক্ষেত্রে লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস। রাজারহাট-গোপালপুরে মার্জিন অবশ্য মাত্র ৭৪ ভোটের।
জয়নগর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা ক্ষেত্র- গোসাবা, বাসন্তী, কুলতলি, জয়নগর, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব ও মগরাহাট পূর্বে এগিয়ে রয়েছে তৃণমূলই। শওকত মোল্লার ক্যানিং পূর্বে তৃণমূল পেয়েছে ১,৮৪,৫৬৯ ভোট। সেই বিধানসভা ক্ষেত্রে বিজেপি পেয়েছে মাত্র ১৮,৩৪৫ ভোট! ব্যবধান ১,৬৬,২২৪।
মথুরাপুরেও সাতটি বিধানসভা ক্ষেত্রেই তৃণমূলের চেয়ে পিছিয়ে বিজেপি। এই বিধানসভা ক্ষেত্রগুলি হলো পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার ও মগরাহাট পশ্চিম। ডায়মন্ড হারবার লোকসভা ক্ষেত্রের সব কটি বিধানসভা ক্ষেত্রেই পিছিয়ে বিজেপি।
ডায়মন্ড হারবারের চারটি বিধানসভা ক্ষেত্রেই লক্ষাধিক ভোটের লিড পেয়েছেন অভিযেক বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বেশি জাহাঙ্গির খানের ফলতায়, মার্জিন ১ লক্ষ ৬৮ হাজার ১২। এই লোকসভা কেন্দ্রের বিধানসভা ক্ষেত্রগুলি হলো- ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ ও মেটিয়াব্রুজ।
যাদবপুর লোকসভা কেন্দ্রের কোনও আসনেই বিজেপি টপকাতে পারেনি তৃণমূলকে। যদিও দ্বিতীয় স্থানেই শেষ করেছেন বিজেপি প্রার্থী। এই বিধানসভা ক্ষেত্রগুলি হলো- বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, যাদবপুর, সোনারপুর উত্তর ও টালিগঞ্জ।
কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী ও বালিগঞ্জ বিধানসভা ক্ষেত্রের সব কটিতেই এগিয়ে তৃণমূল। হাওড়া লোকসভা কেন্দ্রের বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল ও পাঁচলা বিধানসভা ক্ষেত্রেও লিডে একাধিপত্য তৃণমূলের।
উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা ও উদয়নারায়ণপুর বিধানসভা ক্ষেত্রেও এগিয়ে রয়েছে তৃণমূল। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জগৎবল্লভপুর, ডোমজুড়, উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, চণ্ডীতলা ও জাঙ্গিপাড়া বিধানসভা ক্ষেত্রে সিপিআইএম বা বিজেপি লিড নিতে পারেনি।
ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, গড়বেতা, শালবনী, বিনপুর ও বান্দোয়ান বিধানসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূলই। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের রায়না, জামালপুর, কালনা, মেমারী, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর ও কাটোয়া বিধানসভা ক্ষেত্রেও লিড তৃণমূল কংগ্রেসের।
বোলপুর লোকসভা কেন্দ্রের কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, বোলপুর, নানুর, লাভপুর ও ময়ূরেশ্বর বিধানসভা ক্ষেত্রের কোথাও বিজেপি টেক্কা দিতে পারেনি তৃণমূলকে। বীরভূম লোকসভা আসনেও বিধানসভা ক্ষেত্রের নিরিখে ৭-০-এ এগিয়ে তৃণমূল। এখানকার বিধানসভা ক্ষেত্রগুলি হলো দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, হাঁসন, নলহাটি ও মুরারই।












Click it and Unblock the Notifications